.png)
তারকাখ্যাতি থেকে রাজনীতিতে পা রাখা ভারতে নতুন নয়—এম জি রামান্দ্রান ও জয়ললিতার মতো নেতারা সেই পথ বহু আগেই জনপ্রিয় করেছেন। সেই ধারাবাহিকতায় দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিলেন দক্ষিণের অভিনেতা বিজয়। তবে এবার তামিলগা ভেত্রি কাজগাম (টিভিকে)-এর সমাবেশে দেওয়া বক্তব্য ঘিরে নতুন করে বিতর্কের জন্ম হয়েছে।
চেন্নাইয়ে আয়োজিত দলীয় সমাবেশে সমালোচকদের উদ্দেশে সরাসরি জবাব দেন বিজয়। তিনি বলেন, ‘হ্যাঁ, আমি একজন অভিনেতা—এটা নতুন কিছু নয়। কিন্তু আমি রাজনীতিতে অভিনয় করিনি।’
তার এই বক্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেক দিন ধরেই সমালোচকেরা তাকে ‘শুধু অভিনেতা’ বলে আখ্যা দিয়ে সমালোচনা করে আসছিলেন। বিজয়ের এ মন্তব্যকে অনেকে সেই সমালোচনার পাল্টা জবাব হিসেবে দেখছেন।
এ সময় তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘যারা রাজনীতিতে থেকে নাটকের মতো আচরণ করেন, তাদের কি তাহলে অভিনেতা-অভিনেত্রী বলা উচিত নয়?’—যা তার বক্তব্যে রাজনৈতিক কটাক্ষের ইঙ্গিত দেয়।
সমাবেশে করুরে সাম্প্রতিক পদদলিত হয়ে প্রাণহানির ঘটনাও তুলে ধরেন তিনি। নিহতদের প্রতি শোক প্রকাশের পাশাপাশি প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিজয়।
এদিকে, বিজয়ের নতুন সিনেমা ‘জন নায়গন’ মুক্তির আগেই সমস্যায় পড়েছে। ছবিটির কিছু দৃশ্য ও গান ফাঁস হওয়ার পর দ্রুত পুরো এইচডি সংস্করণ অনলাইনে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।