
বলিউড তারকা অক্ষয় কুমার অভিনীত ‘ভূত বাংলা’ মুক্তির দিন থেকেই সিনেমাটি বক্স অফিসে ভালো সূচনা করে। প্রিভিউ শো থেকে শুরু করে প্রথম দিন পর্যন্ত সংগ্রহ ছিল আশাব্যঞ্জক। এরপর ছুটির দিনে গতি বাড়িয়ে শনি ও রোববারে আয় আরও চাঙা হয়।
কিন্তু শুরুর দিকের ভাল করলেও সোমবারেই (২০ এপ্রিল) আয়ের গ্রাফে কিছুটা ভাটা পড়ার ইঙ্গিত মিলছে। এদিন আয়ের গতি কিছুটা কমে গিয়ে দাঁড়ায় ৬ কোটি ৭৫ লাখ রুপিতে, যা আগের দিনের তুলনায় খানিকটা নিচের দিকে নামার ইঙ্গিত দেয়।
সব মিলিয়ে মুক্তির চার দিনে ভারতের বাজারে এখন পর্যন্ত ছবিটির আয় পৌঁছেছে প্রায় ৬৪ কোটি ৭৫ লাখ রুপিতে। আর বিশ্বজুড়ে প্রায় ৭৭ কোটি ৩৪ লাখ রুপি আয় করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০৮ কোটি টাকার কাছাকাছি।
এই সিনেমা ঘিরে আগ্রহের পেছনে বড় কারণ ছিল অক্ষয় কুমার ও নির্মাতা প্রিয়দর্শন-এর দীর্ঘ বিরতির পর একসঙ্গে ফেরা। এর আগে এই জুটি উপহার দিয়েছে হেরা ফেরি, গারাম মাসালার মত একের পর এক জনপ্রিয় সিনেমা, যা দর্শকের মনে এখনো তাজা স্মৃতির মতো রয়ে গেছে।
হরর-কমেডি ঘরানার এই ছবিতে অক্ষয়ের সঙ্গে আরও দেখা যাচ্ছে টাবু, ওয়ামিকা গাব্বি, মিথিলা পালকার ও রাজপাল যাদবকে। পাশাপাশি বিশেষ উপস্থিতিতে আছেন যীশু সেনগুপ্ত, যা ছবির আকর্ষণ আরও বাড়িয়েছে।
সব মিলিয়ে ‘ভূত বাংলা’ এখনো শক্ত অবস্থানেই আছে, তবে সপ্তাহের শুরুতেই আয়ের গতি কিছুটা কমে যাওয়ায় সামনে এর যাত্রা ঠিক কোন দিকে মোড় নেয়, সেটিই এখন দেখার অপেক্ষা।