
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এসেছে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর প্রথম ট্রেলার, আর তাতেই বড় দুই চমকে সরগরম ভক্তরা।
ট্রেলারে দেখা গেছে রবার্ট ডাউনি জুনিয়রকে, তবে এবার তিনি আর আয়রনম্যান নন, ভয়ংকর খলনায়ক ডক্টর ডুম চরিত্রে হাজির হয়েছেন। একই সঙ্গে ফিরছেন ক্রিস ইভান্স, যাকে আবারও স্টিভ রজার্স বা ক্যাপ্টেন আমেরিকা রূপে দেখা যেতে পারে।
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আয়োজিত ‘সিনেমাকন ২০২৬’-এ প্রথম দেখানো হয় এই ট্রেলার। সেখান থেকেই স্পষ্ট, মার্ভেল ইউনিভার্সে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে নির্মাতারা। মাল্টিভার্স ঘিরে গল্প এবার আরও বিস্তৃত হতে যাচ্ছে, যার কেন্দ্রে থাকছেন ডক্টর ডুম।
ট্রেলারের একটি আলোচিত দৃশ্যে দেখা যায়, থর যখন ডুমের মুখোমুখি হন, তখন অনায়াসে তার হাতুড়ি মি'ওলনির থামিয়ে দেন এই ভিলেন। এই এক দৃশ্যেই বোঝা যায়, কতটা শক্তিশালী প্রতিপক্ষের সামনে পড়তে যাচ্ছে অ্যাভেঞ্জার্স দল।
একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রবার্ট ডাউনি জুনিয়র জানান, এমন এক নতুন চরিত্রে ফিরে আসাটা তার জন্য অপ্রত্যাশিত হলেও দারুণ রোমাঞ্চকর। অন্যদিকে ক্রিস ইভান্সের ফেরাও কেবল পুরনো স্মৃতি নয়, গল্পের বিশেষ প্রয়োজনেই তাকে আবার আনা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।
এবারের ছবিতে পুরনো সুপারহিরোদের পাশাপাশি মার্ভেলের বিভিন্ন দুনিয়ার চরিত্রদেরও দেখা যাবে। ট্রেলারে ইতোমধ্যে প্রফেসর জাভিয়ার, গ্যাম্বিট, সাং-চি, মিস্টিক ও ইলেনা বেলোভার উপস্থিতি চোখে পড়েছে। ফলে গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি, এক্স-মেন ও ফ্যান্টাস্টিক ফোরের সদস্যরাও যুক্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
রুসো ব্রাদার্সের পরিচালনায় নির্মিত এই বহুল প্রতীক্ষিত সিনেমাটি চলতি বছরের ১৮ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে।