
ক্যারিয়ারের শুরুর এক অভিজ্ঞতা এখনও যেন ছায়ার মতো তাড়া করে ফেরে বলিউড অভিনেত্রী ডেইজি শাহ-কে। বিনোদন জগতের বহুল আলোচিত কাস্টিং কাউচ প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, এক অডিশনে গিয়ে নির্মাতার অনাকাঙ্ক্ষিত আচরণের মুখে পড়ে তৎক্ষণাৎ সেখান থেকে বেরিয়ে আসতে হয়েছিল তাকে। সেই ঘটনার পর থেকে অপরিচিত কারও শারীরিক স্পর্শ তার কাছে একধরনের অসহ্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ডেইজি স্মরণ করেন, মুম্বাইয়ে হওয়া সেই অডিশনে আরও কয়েকজন তরুণীর সঙ্গে তিনিও উপস্থিত ছিলেন। নির্মাতা আলাদাভাবে সবাইকে ডেকে কথা বলছিলেন। নিজের পালা এলে ঘরে ঢুকতেই হঠাৎ তার হাত ধরে আপত্তিকরভাবে স্পর্শ করেন ওই ব্যক্তি। পরিস্থিতি বুঝে সময় নষ্ট না করে সেখান থেকে বেরিয়ে আসেন তিনি এবং পরে আর কোনো যোগাযোগ রাখেননি।
এই অভিজ্ঞতা তাকে ভেতর থেকে বদলে দিয়েছে বলেও জানান ডেইজি। তার ভাষায়, ‘আমি ছোটবেলা থেকেই অপরিচিত কারও স্পর্শে স্বস্তি পাই না। এমনকি নারীদের কাছ থেকেও ম্যাসাজ নিতে স্বাচ্ছন্দ্য বোধ করি না।’ তাই এখন তিনি একা কারও সঙ্গে দেখা করা এড়িয়ে চলেন, বিশেষ করে কাজের শুরুর পর্যায়ে।
ক্যারিয়ারে প্রতিষ্ঠা পাওয়ার পথে সহায়তা পাওয়া নিয়ে চলমান আলোচনা নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। সালমান খান-এর নাম জড়িয়ে থাকা প্রসঙ্গে তিনি মনে করেন, এই ইন্ডাস্ট্রি পারস্পরিক সহযোগিতার ওপরই দাঁড়িয়ে আছে। কারও সহায়তা পাওয়া মানেই সেটিকে নেতিবাচকভাবে দেখা উচিত নয়, বরং কৃতজ্ঞতাই স্বাভাবিক প্রতিক্রিয়া।