
হলিউড তারকা টম ক্রুজ আবারও ফিরছেন আকাশ ছোঁয়া অভিযানে। জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘টপ গান’-এর তৃতীয় কিস্তি নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট, যা নিশ্চিত করা হয়েছে লাস ভেগাসে এক আয়োজনে। ‘টপ গান: ম্যাভরিক’-এর বিপুল সাফল্যের পরই নতুন এই পর্ব নিয়ে কাজ শুরু হচ্ছে।
জানা গেছে, আগের কিস্তির মতো এবারও প্রযোজকের দায়িত্বে থাকছেন জেরি ব্রুকহেইমার। চিত্রনাট্য লেখার দায়িত্ব পেয়েছেন ইহরান ক্রুগার, এরিক ওয়ারেন সিঙ্গার ও ক্রিস্টোফার ম্যাককোয়ারি। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘ম্যাভরিক’ তুলনামূলক কম বাজেটে নির্মিত হলেও বিশ্বজুড়ে বিশাল আয় করে চলচ্চিত্র জগতে নতুন উদ্দীপনা তৈরি করেছিল, সেই সাফল্যের ধারাবাহিকতাই এবার তৃতীয় কিস্তিতে টেনে নিতে চায় নির্মাতারা।
নতুন ছবিতে টম ক্রুজ শুধু অভিনয়েই নয়, গল্পের কাজেও সক্রিয়ভাবে যুক্ত আছেন। তিনি আবারও ম্যাভরিক চরিত্রেই ফিরছেন, যেখানে তাকে অভিজ্ঞ এক মেন্টর হিসেবে দেখা যেতে পারে। পাশাপাশি আগের কিস্তির জনপ্রিয় মুখ মাইলস টেলার ও গ্লেন পাওয়েলকেও ফের দেখা যাওয়ার জোর সম্ভাবনা রয়েছে। বিশেষ আকর্ষণ হিসেবে বাস্তব উড়োজাহাজে ধারণ করা দৃশ্য ব্যবহারের পরিকল্পনা রয়েছে, যা ছবির অভিজ্ঞতাকে আরও জীবন্ত করে তুলবে।
১৯৮৬ সালে প্রথম ‘টপ গান’ মুক্তির মাধ্যমে টম ক্রুজ বিশ্বজুড়ে যে জনপ্রিয়তা পান, তা পরবর্তীতে দ্বিতীয় কিস্তিতে নতুন করে জেগে ওঠে। তিন দশকেরও বেশি সময় পেরিয়ে সেই গল্প আবারও এগোচ্ছে নতুন অধ্যায়ে। তবে এই ছবিটি দর্শকের সামনে আসতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে, কারণ ধীরে-সুস্থে বড় পরিসরে কাজ এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছে নির্মাতারা।