
তৈরি পোশাকশিল্পের উৎপাদন ও প্রযুক্তিগত সমস্যা সমাধানে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে ইন্ডাস্ট্রির সাথে যৌথ গবেষণা প্রকল্প গ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
দেশের প্রয়োজন বিবেচনায় এ খাতের সমস্যা সমাধানে দেশের বিশ্ববিদ্যালয়গুলো শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণা প্রকল্প গ্রহণ করলে অর্থায়নের সমস্যা হবে না বলে জানিয়েছেন ইউজিসির চেয়ারম্যান।
শনিবার ঢাকায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) সপ্তম টেক্সটাইল রিসার্চ কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অধ্যাপক মামুন আহমেদ বলেন, দেশের অর্থনীতিতে তৈরি পোশাকশিল্পের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এ খাত নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন এনেছে। তাই শিল্পের সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষক ও শিল্পোদ্যোক্তাদের একসঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, শিল্পসংশ্লিষ্ট গবেষণায় পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের অংশগ্রহণের সুযোগ রেখে দেশব্যাপী একটি পরিকল্পনা নেওয়া হচ্ছে। অনুদান পেতে গবেষণা প্রকল্পে শিল্পপ্রতিষ্ঠানের কার্যকর সম্পৃক্ততা থাকতে হবে। পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক শিল্প ও প্রযুক্তিপ্রতিষ্ঠানের অংশীদারিত্বে যৌথ গবেষণাকে উৎসাহিত করবে ইউজিসি।
তিনি বলেন, গবেষণার ফল যেন সরাসরি শিল্পকারখানায় কাজে লাগে, সেদিকে গুরুত্ব দিতে হবে। গবেষণাপত্র প্রকাশের পাশাপাশি পেটেন্ট, বাণিজ্যিকভাবে ব্যবহারযোগ্য প্রোটোটাইপ ও পরিবেশবান্ধব উদ্ভাবন দেখতে চায় ইউজিসি। এ জন্য বিশেষায়িত গবেষণা তহবিল বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
বৈশ্বিক বাজারের প্রতিযোগিতা প্রসঙ্গে অধ্যাপক মামুন আহমেদ বলেন, আন্তর্জাতিক ক্রেতারা পণ্যের দামের পাশাপাশি কারখানার পরিবেশগত মান, পুনর্ব্যবহারের সুযোগ এবং উৎপাদনে স্বয়ংক্রিয় ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বিবেচনা করেন। তাই উচ্চমূল্যের টেক্সটাইল, প্রযুক্তিনির্ভর পোশাক ও স্বয়ংক্রিয় উৎপাদনব্যবস্থার দিকে এগোতে হবে। শুধু কম দামের পোশাক রপ্তানি করে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে তরুণদের ডিজিটাল দক্ষতা ও শিল্পভিত্তিক জ্ঞান প্রয়োজন। বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের যোগাযোগ বাড়লে শিক্ষার্থীরা কর্মক্ষেত্রের চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জন করতে পারবেন। এতে ডিজিটাল ফ্যাশন ডিজাইনসহ প্রযুক্তিনির্ভর পেশায় কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
বিইউএফটি ও সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশন ইন সায়েন্স, আর্টস অ্যান্ড টেকনোলজি (ক্রিস্যাট) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। এতে বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মেসবাহ উদ্দিন আলী, উপাচার্য (মনোনীত) অধ্যাপক ড. আয়ুব নবী খান এবং ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আলিম হোসেন।
সম্মেলনে চীনের চেংদু কিংগং পলিটেকনিক ইউনিভার্সিটির অধ্যাপক নিহং পাং এবং পাকিস্তানের ন্যাশনাল টেক্সটাইল ইউনিভার্সিটির অধ্যাপক ড. হাফসা জামশাদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন।