
রংপুরে আলোচিত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় আদালতে দাখিল করা অভিযোগপত্রে (চার্জশিট) হত্যার কারণ ও ঘটনার বিস্তারিত উঠে এসেছে। পুলিশের দাবি, চুরির উদ্দেশ্যে বাড়িতে প্রবেশের পর গৃহকর্তা শিক্ষক গণপতি চক্রবর্তী তাদের দেখে ফেলায় তাকে এবং পরিবারের অন্য তিন সদস্যকে একে একে হত্যা করেন দুই অভিযুক্ত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ।
তবে হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশের দেওয়া এই ব্যাখ্যা মেনে নিতে রাজি নন নিহতদের স্বজনরা।
চুরির পরিকল্পনা থেকে হত্যাকাণ্ড
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ওসি জিন্নাত আলী গত ২২ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন। এর পাঁচ দিন পর সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার জানান, চুরির পরিকল্পনা থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার রাতে শিক্ষক গণপতি চক্রবর্তীর বাড়িতে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকার রয়েছে জানতে পেরে চুরির উদ্দেশ্যে ছাদে ওঠেন সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস। সেখানে গণপতি চক্রবর্তীর কাছে ধরা পড়লে প্রথমে তাকে হত্যা করেন তারা। এরপর পরিবারের বাকি তিন সদস্যকেও একে একে হত্যা করা হয়।
পুলিশ কমিশনার জানান, হত্যাকাণ্ডের পরপরই অভিযুক্ত সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেফতার করে ডিবি পুলিশ। বর্তমানে তারা রংপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। দুই আসামিই আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামতের ডিএনএ পরীক্ষায় দুই আসামির ডিএনএর উপস্থিতি পাওয়া গেছে। তদন্তে সংগৃহীত সাক্ষ্যপ্রমাণ ও অন্যান্য তথ্যের সঙ্গেও তাদের স্বীকারোক্তির মিল রয়েছে।
আগেও চুরির চেষ্টা করেছিলেন অভিযুক্তরা
হত্যাকাণ্ডের বিস্তারিত তুলে ধরে গোয়েন্দা শাখার (ডিবি) উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, গণপতি চক্রবর্তীর বাড়িতে বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালংকার রয়েছে—এমন আলোচনা এলাকায় প্রচলিত ছিল। তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তীও নিয়মিত স্বর্ণালংকার পরতেন। এসব তথ্য থেকেই সিদ্ধার্থ ও মুগ্ধ ওই বাড়িতে চুরির পরিকল্পনা করেন।
তদন্তে আরও জানা গেছে, ঘটনার ১৫ থেকে ১৭ দিন আগেও সিদ্ধার্থ চুরির উদ্দেশ্যে ওই বাড়িতে প্রবেশ করেছিলেন। সে সময় পরিবারের সদস্যদের হাতে ধরা পড়লে তার সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। এর আগে পাশের তাঁতিপাড়া এলাকায় চুরি করতে গিয়ে ধরা পড়ার ঘটনাও তদন্তে উঠে এসেছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ২১ আগস্ট রাতে চুরির উদ্দেশ্যে দুই আসামি গণপতি চক্রবর্তীর বাড়িতে প্রবেশ করেন। তারা বাড়ির বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে ছাদে অপেক্ষা করছিলেন। এ সময় সেখানে ইয়াবাও সেবন করেন তারা।
একপর্যায়ে শব্দ শুনে ছাদে যান গণপতি চক্রবর্তী। সেখানে দুজনকে দেখে ফেলায় তারা তাকে শ্বাসরোধে হত্যা করেন। পরে শব্দ শুনে ছাদে আসেন তার স্ত্রী প্রীতিলতা ও মেয়ে আগমী চক্রবর্তী। তাদেরও হত্যা করেন অভিযুক্তরা। এরপর বাড়ির ভেতরে গিয়ে ১২ বছর বয়সী ছেলে আয়ুশ চক্রবর্তীকে হত্যা করা হয়।
৩৫টি নমুনায় দুই আসামির ডিএনএ পাওয়ার দাবি
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে স্বর্ণালংকার, ইমিটেশনের গয়না এবং নগদ প্রায় ১৫ হাজার টাকা নিয়ে যান আসামিরা। পরে সিদ্ধার্থের কাকা বিনয়ের বাড়ি থেকে তাদের দেখানো মতে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে সংগ্রহ করা প্রায় ৩৫টি নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। পুলিশের দাবি, খেজুর, শসা, সিগারেটের অবশিষ্টাংশ, বোতলের ক্যাপসহ বিভিন্ন আলামতে দুই আসামির ডিএনএর উপস্থিতি পাওয়া গেছে।
পরীক্ষায় পরিবারের সদস্য ও দুই আসামি ছাড়া অন্য কোনো ব্যক্তির ডিএনএ পাওয়া যায়নি বলেও জানিয়েছে পুলিশ।
৫৩ সাক্ষী ও ৬৬টি আলামত অভিযোগপত্রে
তদন্ত শেষে আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে ৫৩ জন সাক্ষী এবং ৬৬টি আলামত অন্তর্ভুক্ত করা হয়েছে।
অভিযোগপত্রের বিষয়ে আদালতের কোনো পর্যবেক্ষণ রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ বলেন, এখনো বিচার কার্যক্রম শুরু হয়নি। প্রথমে অভিযোগপত্রের ওপর শুনানি হবে। এরপর অভিযোগ গঠন করা হলে বিচার কার্যক্রম শুরু হবে। তখন আদালতের পর্যবেক্ষণ জানা যাবে।
পুলিশের তদন্তে সন্তুষ্ট নন স্বজনরা
তবে পুলিশের দেওয়া হত্যাকাণ্ডের ব্যাখ্যায় সন্তুষ্ট নন নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই ও মামলার বাদী গোপীনাথ চক্রবর্তী।
তিনি বলেন, ‘শুধু টাকা ও স্বর্ণালংকার চুরির জন্য একই পরিবারের চারজনকে হত্যা করা হয়েছে—এমন ব্যাখ্যা বিশ্বাসযোগ্য নয়। এর পেছনে আরও শক্তিশালী কেউ জড়িত থাকতে পারে। শুরু থেকেই বলে আসছি, দুজনের পক্ষে চারজনকে হত্যা করা সম্ভব নয়। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারের দাবি জানিয়ে আসছি; কিন্তু আমাদের বক্তব্য যথাযথ গুরুত্ব পায়নি।’
আগের পুলিশ কমিশনারের বক্তব্যেও ছিল একই তথ্য
গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও ছেলের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরদিন ২৩ আগস্ট সংবাদ সম্মেলনে তৎকালীন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ জানিয়েছিলেন, পাশের একটি ভবন দিয়ে মুগ্ধ ও সিদ্ধার্থ গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে প্রবেশ করেন। সেখানে ইয়াবা সেবনের সময় শব্দ পেয়ে ছাদে আসেন গণপতি। তাদের দেখে ছাদে অবস্থানের কারণ জানতে চাইলে তাৎক্ষণিকভাবে তার গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয়।
তৎকালীন পুলিশ কমিশনারের ভাষ্য অনুযায়ী, গণপতির চিৎকার শুনে তার স্ত্রী প্রীতিলতা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে গেলে তাকেও হত্যা করেন দুই আসামি। পরে মেয়ে আগমী চক্রবর্তী এগিয়ে এলে তার সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে তাকেও হত্যা করা হয়।
এরপর ঘুমন্ত অবস্থায় ছোট ছেলে আয়ুশকে গলায় গামছা পেঁচিয়ে ও বালিশ চাপা দিয়ে হত্যা করেন তারা। পরে আলমারির ড্রয়ার ভেঙে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান দুই আসামি।