
দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ৩ হাজার ৮৪৯ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে হবে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকায়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে বিজ্ঞপ্তি দিয়ে নতুন মূল্যতালিকা প্রকাশ করে বাজুস। একই দিন সকাল ১০টা থেকে নির্ধারিত দাম কার্যকর হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা। ১৮ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের এক ভরির দাম দাঁড়িয়েছে ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে গয়নার নকশার ধরন অনুযায়ী মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে। স্বর্ণ ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে অতিরিক্ত ভ্যাট আদায় করা যাবে না।
এর আগে সর্বশেষ ১৫ আগস্ট স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। মাত্র পাঁচ দিনের ব্যবধানে এবার দাম আরও ৩ হাজার ৮৪৯ টাকা বাড়ানো হলো।
চলতি বছর এ পর্যন্ত ১০৫ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৫৩ বার দাম বাড়ানো হয়েছে, ৫১ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। এর আগে ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছিল। ওই বছর ৬৪ বার দাম বাড়ে এবং ২৯ বার কমে।
স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে রুপার দামও বাড়ানো হয়েছে। এবার ভরিতে ২৩৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৩০৭ টাকা।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৭৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা।
চলতি বছর এখন পর্যন্ত ৬৩ বার রুপার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৩ বার দাম বাড়ানো হয়েছে এবং ৩০ বার কমানো হয়েছে। আর ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ১০ বার দাম বাড়ানো এবং তিনবার কমানো হয়েছিল।