
আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) বর্তমান পরিচালনা পর্ষদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়মের অভিযোগ তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক নির্দেশনায় এ তদন্ত কমিটি গঠন করা হয়। মন্ত্রণালয়ের উপসচিব মো. আবদুল মালেককে কমিটির আহ্বায়ক এবং কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের উপসচিব মোহাম্মদ আবদুস সাদেককে সদস্য করা হয়েছে।
গত ২৬ জুলাই রিহ্যাবের সহসভাপতি মোহাম্মদ আক্তার বিশ্বাসসহ পরিচালনা পর্ষদের ১০ সদস্য বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ দেন। এতে রিহ্যাবের বর্তমান সভাপতি আলী আফজাল ও সিনিয়র সহসভাপতি আবদুর রাজ্জাকের বিরুদ্ধে আর্থিক অনিয়মসহ ১২টি বিষয়ে অভিযোগ তোলা হয়।
অভিযোগের বিষয়ে গত ৩০ জুলাই বাণিজ্য মন্ত্রণালয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে যুগ্ম সচিব মো. মোস্তফা জামাল হায়দার বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের বক্তব্য শোনেন। পরে রিহ্যাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ দিনের জন্য স্থগিত করা হয়।
একই সঙ্গে রিহ্যাব সভাপতিকে ১৫ দিনের মধ্যে অভিযোগকারীদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেওয়া হয়। মন্ত্রণালয়ের নির্দেশনার পর ১ আগস্ট র্যাডিসন হোটেলে নির্ধারিত এজিএম অনুষ্ঠিত হয়নি। পাশাপাশি ১২ থেকে ১৫ আগস্টের গ্রীষ্মকালীন আবাসন মেলাও সাময়িকভাবে স্থগিত করা হয়।
রিহ্যাবের দুই পরিচালকের সঙ্গে কথা বলে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে বর্তমান পরিচালনা পর্ষদ ১৫ আগস্ট গুলশান ক্লাবে এজিএম আয়োজনের উদ্যোগ নেয়। বিষয়টি জানাজানি হওয়ার পর পরিচালনা পর্ষদের একাংশের হস্তক্ষেপে সেই উদ্যোগ ভেস্তে যায়।
এখন নতুন তদন্ত কমিটি অভিযোগগুলো খতিয়ে দেখে নির্ধারিত সময়ের মধ্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন দেবে।