
কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেনকে সশস্ত্র বাহিনীতে ফেরত পাঠানো হয়েছে। এ জন্য তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমান প্রেষণ পদ থেকে ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেনকে প্রত্যাহার করে তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হলো। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সশস্ত্র বাহিনীতে ফেরার পর তিনি নতুন ও গুরুত্বপূর্ণ একটি পদে দায়িত্ব পেতে যাচ্ছেন।
২০২৪ সালের ১১ আগস্ট কারা মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব নেন ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন। দীর্ঘ দুই বছর এ পদে দায়িত্ব পালনের পর নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি সেনাবাহিনীতে ফিরে যাচ্ছেন।
কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, সরকারি অনুমোদন অনুযায়ী ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেনকে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের প্রতিরক্ষা শাখার উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে, মোতাহের হোসেনের স্থলাভিষিক্ত কে হবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। প্রজ্ঞাপন অনুযায়ী, অবিলম্বে তাঁর সেনাবাহিনীতে যোগদানের প্রক্রিয়া শুরু হবে।