
কুমিল্লায় চাঁদা না দেওয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার পরিচালক রেদোয়ান হোসেন রিফাতকে (৩৬) হত্যার পর মরদেহ পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে এক কিশোর গ্যাং নেতার বিরুদ্ধে। নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর শুক্রবার (২০ নভেম্বর) সকালে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের লালমাই শিবপুর মধ্যমপাড়া এলাকায় সৈয়দুজ্জামানের বাড়ির পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রেদোয়ান হোসেন রিফাত সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের শিবপুর মৈশান বাড়ির বাসিন্দা। তিনি সাবেক ব্যাংকার দেলোয়ার হোসেনের ছেলে। এক ছেলে ও এক মেয়ের বাবা রিফাত লালমাই বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এ ঘটনায় অভিযুক্ত আবরাদ হাসান সজিব কলেজপাড়া এলাকার বাসিন্দা। তিনি সাবেক যুবলীগ নেতা কবির হোসেন রিঙ্কুর ছেলে।
সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, ঘটনার পাঁচ দিন আগে সজিব রিফাতের ব্যাংক শাখায় গিয়ে তার কাছে চাঁদা দাবি করেন। রিফাত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সজিব তাকে মারধর করেন এবং তার ব্যবহৃত মুঠোফোনটি ভেঙে ফেলেন। ওই ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন রিফাত।
ছেলের কোনো সন্ধান না পেয়ে তার বাবা দেলোয়ার হোসেন সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পাঁচ দিন পর শুক্রবার শিবপুর মধ্যমপাড়া এলাকায় সৈয়দুজ্জামানের বাড়ির পাশের পুকুরে রিফাতের মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম বলেন, ‘সজিব ছেলেটা এই এলাকায় কিশোর গ্যাংয়ের মূল। সে যাকে পাইত তাকে মারত। আগে এসব করত, এখন একজন নিরীহ ছেলেকে হত্যা করেছে। আমরা এর ফাঁসি চাই।’
নিহতের বাবা দেলোয়ার হোসেন অভিযোগ করে বলেন, ‘আমার ছেলেকে সজিব হত্যা করেছে। এর ফাঁসি চাই। আমার ছেলেটা কত কষ্ট করে এ ব্যাংকটি পরিচালনা করছিল। ছেলেটা চাঁদা চায় আমার ছেলের কাছে। না দিলে সেদিন মারধরের ঘটনার পর ভাবছি আর ঝামেলা করবে না। আজ আমার চোখের সামনে ছেলের মরদেহ, কীভাবে মানবো?’
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে সজিব নামে একজনের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।