.jpg)
বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাত ও দমকা হাওয়া বয়ে যাচ্ছে। ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে সরাসরি আঘাত না হানলেও ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করার সময় এর প্রভাবে সৃষ্ট গভীর সঞ্চালনশীল মেঘমালা ও জলোচ্ছ্বাসের আশঙ্কায় উপকূলীয় জনপদে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
বিশেষ করে সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলার জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন উপকূলের লক্ষাধিক মানুষ।
গত বুধবার দুপুর থেকে শুরু হওয়া বৃষ্টির ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোর থেকে শুক্রবার গভীর রাত পর্যন্ত সাতক্ষীরা শহরসহ জেলার সব উপজেলায় থেমে থেমে বৃষ্টি ও হিমেল বাতাস অব্যাহত রয়েছে। অসময়ের বৃষ্টি ও তাপমাত্রা কমে যাওয়ায় শীতের আগমনী বার্তার মধ্যেই জেলার জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। রাস্তাঘাটে যানবাহন ও মানুষের চলাচল কমে যাওয়ায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। অন্যদিকে, শীতের আমেজ বেড়ে যাওয়ায় অনেকে আগেভাগেই শীতবস্ত্র সংগ্রহ করছেন।
টানা বৃষ্টিতে সাতক্ষীরার নিম্নাঞ্চল ও জলাবদ্ধতাপ্রবণ এলাকার বাসিন্দাদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। পাকা আমন ধান ঘরে তোলা, শীতকালীন শাকসবজির আবাদ এবং চিংড়ি ও সাদা মাছের ঘের নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন চাষিরা। তাঁদের আশঙ্কা, বৃষ্টিপাত অব্যাহত থাকলে এবং জলাবদ্ধতা সৃষ্টি হলে ফসল ও মৎস্য ঘেরের ব্যাপক ক্ষতি হতে পারে। এমন পরিস্থিতিতে প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার পাশাপাশি কৃষি ও মৎস্য খামারে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
ঘূর্ণিঝড়ের সরাসরি আঘাতের আশঙ্কা না থাকলেও সাতক্ষীরার উপকূলবাসীর সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে দুর্বল বেড়িবাঁধ। পূর্ণিমা ও অমাবস্যার জোয়ারের পাশাপাশি সাগরে সৃষ্ট বায়ুচাপের প্রভাবে নদীর পানি বাড়লে বাঁধ ভেঙে বা উপচে লোকালয় প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, জেলায় মোট ৬৮৩ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, যার একটি বড় অংশ বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
পাউবো বিভাগ-১-এর আওতায় থাকা ৩৮৩ কিলোমিটার বাঁধের মধ্যে শ্যামনগরের পদ্মপুকুর, গাবুরা ও বুড়িগোয়ালিনীসহ বিভিন্ন ইউনিয়নের একাধিক স্থানে ফাটল ও ভাঙন দেখা দিয়েছে।
অন্যদিকে, পাউবো বিভাগ-২-এর আওতায় থাকা ৩০০ কিলোমিটার বাঁধের মধ্যে আশাশুনির ৭/১ ও ৭/২ পোল্ডারের ৯০ কিলোমিটার বাঁধের ২৫ থেকে ৩০ কিলোমিটার অংশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। টানা বৃষ্টি ও জোয়ারের চাপে এসব ঝুঁকিপূর্ণ অংশ যেকোনো সময় ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানুষের তৈরি ঝুঁকিতেও বেড়িবাঁধ নাজুক হয়ে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। শ্যামনগরের বিভিন্ন এলাকায় প্রভাবশালীরা বেড়িবাঁধ কেটে অবৈধভাবে পাইপ বসিয়ে চিংড়ি ঘেরে লবণপানি তুলছেন। এতে বাঁধের ভেতরের মাটি সরে গিয়ে বাঁধ ফাঁপা ও দুর্বল হয়ে পড়ছে বলে জানিয়েছেন বাসিন্দারা। বিশেষ করে শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নের চাউলখোলা জামে মসজিদসংলগ্ন এলাকা, খুটিকাটা, খেয়াঘাট, ঝাপা ও কামালকাটি এলাকায় বাঁধের ভাঙন ও ধসের চিত্র স্পষ্ট হয়ে উঠেছে।
পদ্মপুকুর ইউনিয়নের বাসিন্দা আবুল কালাম ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিবার ঝড়-বৃষ্টি এলেই তাঁদের বুক কাঁপে। বাঁধ কেটে পাইপ বসানোর কারণে বাঁধের কোমর ভেঙে গেছে এবং জোয়ারের চাপ একটু বাড়লেই পুরো এলাকা লবণপানিতে তলিয়ে যাবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
বাঁধের ঝুঁকি ও অবৈধ পাইপ অপসারণের বিষয়ে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২-এর নির্বাহী প্রকৌশলী আবদুর রহমান তাজকিয়া জানান, ঝুঁকিপূর্ণ বাঁধ স্থায়ীভাবে সংস্কার করতে বড় প্রকল্প প্রয়োজন, তবে জরুরি পরিস্থিতি মোকাবিলায় পাউবো সতর্ক রয়েছে।
পদ্মপুকুরে বাঁধ কেটে বসানো পাইপ অপসারণ প্রসঙ্গে তিনি বলেন, হাইকোর্টে একটি মামলা চলমান থাকায় পাইপ অপসারণ কার্যক্রম আপাতত স্থগিত রয়েছে, তবে সুনির্দিষ্ট কোনো ঝুঁকিপূর্ণ পাইপের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
সাতক্ষীরা ছাড়াও খুলনা, যশোর, বাগেরহাট, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দেশের আট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদদের মতে, শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, তবে রোববার থেকে বৃষ্টির প্রবণতা কমে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা—এই চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রাখা হয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। দুর্যোগ এলেই জিও ব্যাগ ফেলে সাময়িক মেরামত নয়, বরং দ্রুত টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের পাশাপাশি বাঁধ কেটে লবণপানি তোলার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও অবৈধ পাইপ অপসারণের মাধ্যমে জানমাল, ফসলি জমি ও মৎস্য ঘের রক্ষার দাবি জানিয়েছেন সাতক্ষীরার উপকূলবাসী।