
রাজধানীর শাহবাগ এলাকার পৃথক স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত দুজন ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে ধারণা করছে পুলিশ। তাদের বয়স আনুমানিক ৬৫ ও ৪৫ বছর।
শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে জাতীয় ঈদগাহর প্রধান ফটকের সামনের ফুটপাত এবং কদম ফোয়ারা মোড় থেকে মরদেহ দুটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) তৌফিক হাসান জানান, খবর পেয়ে সুপ্রিম কোর্টসংলগ্ন ফুটপাত ও জাতীয় ঈদগাহর পাশ থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তাদের বয়স আনুমানিক ৬৫ ও ৪৫ বছর।
তিনি জানান, নিহতদের পরিচয় শনাক্তে সিআইডির ফরেনসিক টিম কাজ করছে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই দুই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। প্রাথমিকভাবে অসুস্থতাজনিত কারণেই তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।