
দুর্নীতির প্রশ্নে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ফেনীর ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনীর উপপরিচালকের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ লোপাটের অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকারের কোনো কর্মকর্তা দুর্নীতিতে জড়িত থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ওই কর্মকর্তার বিরুদ্ধেও ওঠা অভিযোগ তদন্ত করা হবে। অভিযোগ প্রমাণিত হলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী বলেন, দেশে সারের কোনো সংকট নেই। সারের সংকট থাকলে বিভিন্ন মিলে সার পাওয়া যাচ্ছে কীভাবে? মূলত সার থাকার কথা ডিলারদের কাছে। কিন্তু সার পাওয়া যাচ্ছে ডিলার নন—এমন ব্যক্তিদের কাছে। এ ধরনের অসাধু ব্যক্তিদের কারণে সমাজ, কৃষক ও দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সারের অবৈধ মজুত ও সরবরাহের বিষয়টি নজরদারিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কয়েকটি টিম গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, খুব দ্রুত এই চক্রের অপতৎপরতা বন্ধ করা হবে।
কৃষক কার্ডে স্বজনপ্রীতির কোনো সুযোগ নেই উল্লেখ করে আমিন উর রশিদ বলেন, আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ফুলগাজী সফরে সেখানে ৭ হাজারের বেশি কৃষক কার্ড বিতরণ করা হবে। সারা দেশে ১ লাখ ১০ হাজার কৃষক কার্ড বিতরণ করা হবে। ইউনিয়নভিত্তিক ব্লকে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সব মিলিয়ে ২ কোটি কৃষককে এর আওতায় আনা হবে।
তিনি বলেন, কৃষকের ধরন অনুযায়ী বিভিন্ন ধরনের কৃষক কার্ড রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই কৃষকরা এসব কার্ড পাবেন। কৃষক কার্ড বিতরণে স্বজনপ্রীতির কোনো সুযোগ নেই।
এর আগে ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের ফুলগাজী সফর সামনে রেখে প্রস্তুতির অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি, জনসমাগম ও নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে খোঁজখবর নেন তিনি।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাউছার হামিদ, সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নোশীন প্রত্যাশা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।