
হামের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানির দিন নির্ধারণ করেছে হাইকোর্ট।
রোববার (১৯ এপ্রিল) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ আগামীকাল সোমবার শুনানির জন্য দিন ঠিক করেন।
রিটে বলা হয়েছে, হামের ভয়াবহ প্রকোপে শিশুদের সুরক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা জরুরি হয়ে পড়েছে। একই সঙ্গে হামে আক্রান্ত হয়ে ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের আবেদনও জানানো হয়েছে। রিটের পক্ষে শুনানিতে অংশ নেবেন ব্যারিস্টার পূর্ণিমা জাহান।
এর আগে ২ এপ্রিল এই রিটটি দায়ের করা হয়। রিটকারীদের দাবি, দেশের বিভিন্ন এলাকায় হামের সংক্রমণ বাড়ছে এবং শিশুদের মধ্যে ঝুঁকি তীব্র আকার ধারণ করেছে। এতে হাসপাতালগুলোতে রোগীর চাপও বেড়ে গেছে।
এর আগে ১ এপ্রিল ২৪ ঘণ্টার মধ্যে শিশুদের হামের টিকা নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া এই নোটিশ পাঠান।
এতে বলা হয়, টিকার ঘাটতির কারণে শিশুদের মধ্যে সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটছে, যা দ্রুত নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ প্রয়োজন।