
রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় পলাতক ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। এ ঘটনায় ভবনের বিভিন্ন রেস্টুরেন্টের মালিকসহ মোট ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক জিন্নাত আলী জানান, ২২ আসামির মধ্যে ৯ জন আদালতে হাজির ছিলেন। বাকি ১৩ জন অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
এর আগে ২ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক শাহ জালাল মুন্সী আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে দণ্ডবিধির সাতটি ধারায় আসামিদের অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়।
অভিযোগপত্রে বলা হয়, আসামিরা সরকারি বিধিনিষেধ অমান্য করে অনুমোদনহীনভাবে হোটেল ও রেস্টুরেন্ট পরিচালনা করছিলেন। পাশাপাশি গ্যাস সিলিন্ডার ও বৈদ্যুতিক ওভেন ব্যবহারের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি রাত পৌনে ১০টার দিকে ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৬ জন নিহত হন। নিহতদের মধ্যে তিনজন সম্পূর্ণভাবে দগ্ধ হয়ে মারা যান বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।