
অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত, যা রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত ৬ এর বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন। আদালত পৃথক দুই ধারায় ১০ বছর করে মোট ২০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি প্রতিটি ধারায় ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। রায়ে বলা হয়েছে, একটি ধারার সাজা শেষ হওয়ার পর অপর ধারার সাজা কার্যকর হবে।
দুর্নীতি দমন কমিশন ২০১৯ সালের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করে। দীর্ঘ তদন্ত শেষে ২০২০ সালের ২৬ নভেম্বর দুদক তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়।
পরবর্তীতে গত বছরের ১৭ জুলাই আদালত অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরু করেন এবং সম্রাটের জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলায় মোট ২১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয় ২ ফেব্রুয়ারি। উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ৯ ফেব্রুয়ারি রায়ের জন্য দিন ধার্য করা হয়।