
২০২৪ সালের জুলাই-আগস্টের গণহত্যা মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের শাস্তি বাড়ানোর প্রশ্নে আজ গুরুত্বপূর্ণ শুনানি হতে যাচ্ছে। আমৃত্যু কারাদণ্ডকে মৃত্যুদণ্ডে রূপান্তরের দাবিতে রাষ্ট্রপক্ষ যে আপিল করেছে, সেটি আজ আপিল বিভাগে ওঠার কথা রয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চের কার্যতালিকায় বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে ১ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালত শুনানির জন্য এ দিন নির্ধারণ করেন। সেদিন রাষ্ট্রপক্ষের হয়ে শুনানিতে অংশ নেন তৎকালীন চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম। পরবর্তী সময়ে মামলাটি নিয়মিত বেঞ্চে পাঠানো হয়।
গত ১৫ ডিসেম্বর আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রাষ্ট্রপক্ষ আনুষ্ঠানিকভাবে আপিল আবেদন দাখিল করে। মানবতাবিরোধী অপরাধের একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হলেও, সেই অভিযোগেও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে আবেদনে। সাজা বৃদ্ধি চেয়ে আপিলে মোট আটটি যুক্তি তুলে ধরা হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এক অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড প্রদান করেন এবং আরেক অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেন। একই মামলায় পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাষ্ট্রের পক্ষে সাক্ষ্য দিয়ে সহযোগিতা করায় তাকে পাঁচ বছরের লঘুদণ্ড দেওয়া হয়।
২০২৪ সালের ৫ আগস্ট গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন। তাদের অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম সম্পন্ন হয়।