
দেশের পুলিশ বাহিনীতে নতুন অধ্যায়ের সূচনা হলো। নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে তিনি দায়িত্বভার গ্রহণ করেন বলে পুলিশ সদরদপ্তর নিশ্চিত করেছে।
এর আগে মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা মো. আলী হোসেন ফকিরকে সরকার নতুন আইজিপি হিসেবে নিয়োগ দিয়েছে।
মো. আলী হোসেন ফকির বিসিএস পুলিশ ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। তার কর্মজীবন নানা উত্থান-পতনের সাক্ষী। আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক কারণে একবার তাকে চাকরিচ্যুত করা হয়। পরবর্তীতে বিএনপি সরকারের আমলে তিনি আইনি প্রক্রিয়ায় চাকরিতে পুনর্বহাল হন। তবে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় এলে তাকে আবারও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি এসপি পদমর্যাদায় চাকরি ফিরে পান। পরে তাকে সুপার নিউমারারি ডিআইজি হিসেবে পদোন্নতি দেওয়া হয়।
বাগেরহাটের বাসিন্দা আলী হোসেন ফকির ১৯৯৭ সালে শেখ হাসিনার প্রথম মেয়াদে আওয়ামী রোষানলে পড়েন এবং সে বছরই বরখাস্ত হন। পরবর্তী সময়ে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এলে আইনি প্রক্রিয়ায় তিনি পুনরায় দায়িত্বে ফেরেন।
কর্মজীবনে তিনি দক্ষ ও চৌকস কর্মকর্তা হিসেবে সুনাম অর্জন করেন। এসপি হিসেবে একাধিক জেলায় দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০০৮ সালে তিনি ডিএমপির উত্তরা জোনের ডিসি ছিলেন। এরপর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নেন। দেশে ফিরে রাজশাহী ডিআইজি কার্যালয়ে এসপি হিসেবে সংযুক্ত হন। সেখানে দায়িত্ব পালনকালে ২০২২ সালে শেখ হাসিনার সরকার তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায়।