
বিএনপির দলীয় পরিচয়ের কারণে অনেক জুলাইযোদ্ধার পরিবার সহায়তা থেকে বঞ্চিত হয়েছে বলে অভিযোগ তুলেছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
বুধবার ২৫ ফেব্রুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ অভিযোগ করেন। এর আগে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রতিমন্ত্রী বলেন, কিছু পরিবার রয়েছে যারা বিগত সরকারের সময় বিএনপি পরিচয়ের কারণে যথাযথ পুনর্বাসন সহায়তা পায়নি। তিনি বলেন, "কিছু বঞ্চিত পরিবার রয়েছে যাদেরকে বিগত সময় বিএনপি দলীয় পরিচয় দেখে পুনর্বাসন সহায়তা সঠিকভাবে দেওয়া হয়নি। সেগুলো আমরা ক্ষতিয়ে দেখছি। আমাদের কাছে কোনো রাজনৈতিক দলীয় পরিচয় বিবেচনাধীন হবে না। যারাই আহত-শহীদ, আন্দোলনে অবদান করেছেন তাদেরকে পুনর্বাসন করা হবে; চিকিৎসা নিশ্চিত করা হবে এবং শহীদ পরিবারকে পুনর্বাসন করা হবে, তাদের প্রাপ্য সম্মান তাদের দেওয়া হবে।"
তিনি আরও জানান, জুলাই আন্দোলনে অংশ নেওয়া আহত ও শহীদদের পরিবারের পুনর্বাসন পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী খোঁজখবর নিয়েছেন। প্রতিমন্ত্রী বলেন, "জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের বিষয়ে প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন। প্রধানমন্ত্রী আমাদেরকে ডেকেছিলেন এবং জুলাই অভ্যুত্থানে যারা আহত তাদের চিকিৎসা, তাদের পুনর্বাসন তাদের পরিবারের সদস্যদের শিক্ষাসহ বিভিন্ন ভাতার বিষয়ে খোঁজখবর নিয়েছেন।"
এ সময় জুলাই ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কেও আলোচনা হয়েছে বলে জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, "জুলাই ফাউন্ডেশনের অতীতের যে কার্যক্রম রয়েছে আপনারা জানেন যে সেখানে একটা বড় অংকের একটা তহবিল সরকারের তরফ থেকে দেওয়া হয়েছিল। সেগুলা ঠিকমত ব্যবহার হয়েছে কিনা এই বিষয়গুলো জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। আমরা ওনার দিকনির্দেশনা নিয়েছি।"
প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেন, বর্তমান সরকার রাজনৈতিক পরিচয়কে বিবেচনায় না নিয়ে আন্দোলনে ক্ষতিগ্রস্ত সকলের চিকিৎসা, পুনর্বাসন ও প্রাপ্য সম্মান নিশ্চিত করতে কাজ করবে।