
নেত্রকোণার পূর্বধলায় এক যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনার জেরে সাবেক সংসদ সদস্যসহ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের অন্তত ১০টি বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে দগ্ধ হয়েছেন সাবেক সংসদ সদস্যের এক ভাতিজা।
শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বিশকাঁকুনী ইউনিয়নের বাদে পুটিকা বাজার এলাকায় এ ঘটনার সূত্রপাত হয়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে কয়েকজন নেতা-কর্মী পুটিকা বাজারে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাঁদের বাধা দেন। একপর্যায়ে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বকর রানার ওপর হামলা চালানো হয়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে গুরুতর জখম করা হয়।
যুবদল নেতার ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। প্রথমে বড়রুহী এলাকায় যুবলীগ নেতা রফিকুল ইসলামের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর ভোররাত পর্যন্ত পর্যায়ক্রমে নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন এবং তাঁর সহোদর ভাতিজা সাহাদাত হোসেনের ধলা যাত্রাবাড়ী গ্রামের বাড়িতে হামলা চালানো হয়।
এ ছাড়া ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শুভর ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়ি, আওয়ামী লীগ নেতা আবুল বাশার খান, আমানুর রশিদ খান জুয়েল, ডা. ওয়াহিদুর রহমান ছোটন, ফয়জুর রহমান ঝন্টু, মুনতাসির মাসুদ খান ফাহিম এবং সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিনের বাড়িসহ অন্তত ১০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
এদিকে, সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনের ভাতিজা এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সহোদর ভাই সাখাওয়াত হোসেন শাকুকে ঘরের ভেতরে বাথরুমে আটকে রেখে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠান।
অন্যদিকে, ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত যুবদল নেতা আবু বকর রানাকে প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, যুবদল নেতার ওপর অতর্কিত হামলার জেরেই এসব ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এসব ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।