
বগুড়ায় দুর্বৃত্তদের হামলায় নিহত স্কুলছাত্র মনিরুল ইসলাম গালিবের শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছে বগুড়া সিটি করপোরেশন। নিহতের মা ইয়াসমিন খাতুনের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে সংস্থাটি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নগর ভবনে ইয়াসমিন খাতুনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন।
ইয়াসমিন খাতুন বগুড়া সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের ঠনঠনিয়া নতুনপাড়া এলাকার বাসিন্দা। গত ১৯ নভেম্বর রাতে দুর্বৃত্তদের হামলায় স্কুলছাত্র মনিরুল ইসলাম গালিব নিহত হয়। সন্তানকে হারিয়ে পরিবারটি চরম শোক ও অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছে।
এমন পরিস্থিতিতে পরিবারটির আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনা এবং মায়ের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে বগুড়া সিটি করপোরেশন এ উদ্যোগ নেয়।
মানবিক দায়িত্ব থেকে পাশে থাকার উদ্যোগ
নিয়োগপত্র তুলে দেওয়ার সময় সিটি প্রশাসক এমআর ইসলাম স্বাধীন বলেন, নিহত গালিবের পরিবারের পাশে দাঁড়ানো তাদের মানবিক দায়িত্ব। তার মায়ের কর্মসংস্থানের ব্যবস্থা করার মাধ্যমে পরিবারটির পাশে থাকার চেষ্টা করেছেন তারা। ভবিষ্যতেও অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে বগুড়া সিটি করপোরেশন থাকবে।
এ সময় বগুড়া সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাঈদ আলী এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুজ্জামান উপস্থিত ছিলেন।