
মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে বন্দি ৪১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি প্রতিনিধিদল নাফ নদীর শূন্যরেখা থেকে আরাকান আর্মির কাছ থেকে জেলেদের গ্রহণ করে। পরে তাদের কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট জেটিঘাটে নিয়ে আসা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
যেভাবে আটক হন বাংলাদেশি জেলেরা
বিজিবি অধিনায়ক জানান, বঙ্গোপসাগরে মাছ শিকারে যাওয়ার সময় বেশ কয়েকজন বাংলাদেশি জেলে বিভিন্ন সময়ে অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করেন। এ সময় আরাকান আর্মি তাদের আটক করে নিয়ে যায়।
পরে আটক জেলেদের মিয়ানমারের অভ্যন্তরে সংগঠনটির নিয়ন্ত্রিত এলাকায় অথবা কারাগারে সাজা দিয়ে রাখা হয়।
তিনি আরও জানান, উদ্ভূত পরিস্থিতিতে জেলে পরিবারগুলোর কথা বিবেচনা করে মানবিক দিক থেকে বিজিবি এ উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিজিবির উদ্যোগে আটক জেলেদের ধাপে ধাপে দেশে ফেরানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। পর্যায়ক্রমে তাদের ফিরিয়ে আনা হচ্ছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার দেশে ফেরা ৪১ জনসহ চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত বিজিবির প্রচেষ্টায় মিয়ানমার থেকে মোট ৩২৩ জন আটক জেলেকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে। অবশিষ্ট আটক জেলেদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে বিজিবির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।