
নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করাকে কেন্দ্র করে রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে উত্তেজনা থেকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।
এ সময় জাদুঘর মোড়ের ফুটপাতে থাকা অন্তত ১০টি দোকানে আগুন দেন ছাত্রদলের নেতা-কর্মীরা। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহানগর ছাত্রদলের সদস্যসচিব ইমদাদুল হক ও যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেনের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় দুই পক্ষের নেতা-কর্মীদের হাতে দেশি অস্ত্র দেখা যায়। এ ছাড়া পিস্তল হাতে এক ব্যক্তিকে গুলি ছুড়তেও দেখা গেছে।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহিনুর রহমান নামের এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। ছাত্রদল নেতা ইমদাদুল হকের দাবি, ওই যুবক নিষিদ্ধ ছাত্রলীগের একটি ওয়ার্ড কমিটির সহসভাপতি।
গতকাল রাত সাড়ে ১০টার দিকে নগরের টিবি পুকুর এলাকার একটি দোকানে ছাত্রদল নেতা সাফায়েত হোসেনের চাচাতো ভাই কৌশিকের সঙ্গে বসে ছিলেন শাহিনুর। এ সময় ইমদাদুল হকের অনুসারী ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এরপর সাফায়েত হোসেন জাদুঘর মোড়ে ইমদাদুল হকের সঙ্গে দেখা করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
মহানগর ছাত্রদলের সদস্যসচিব ইমদাদুল হক বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের নেতা শাহিনুরকে আটক করে পুলিশের হাতে তুলে দেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এ ঘটনার পর তাঁরা জাদুঘর মোড়ে গেলে মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেনের নেতৃত্বে তাঁদের ওপর হামলা চালানো হয়। পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরাও সংঘর্ষে যোগ দেন। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি দাবি জানান তিনি।
তবে ইমদাদুল হকের অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদল নেতা সাফায়েত হোসেন। সাংবাদিকদের তিনি বলেন, ‘এই ইমদাদুল হক আওয়ামী লীগের টাকায় রাজনীতি করেন। আমার নামে যে অভিযোগ করা হয়েছে, এটা বানোয়াট, সেখানে আমি ছিলাম না।’
সাফায়েত আরও বলেন, ৫ আগস্ট থানা থেকে যে অস্ত্র লুট হয়েছিল, তা ইমদাদুল হকের বাহিনী করেছে। তাঁর ভাষায়, ‘তার একটা ছোটখাটো নমুনা আমরা আজ দেখতে পেয়েছি।’
এ বিষয়ে যোগাযোগ করা হলে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারি গণমাধ্যমকে বলেন, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। কাউকে আটকও করা যায়নি। পুলিশ শুধু একটি চায়নিজ কুড়াল উদ্ধার করেছে, অন্য কোনো অস্ত্র উদ্ধার হয়নি।
নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে আটকের বিষয়ে রাজপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, শাহিনুর থানা হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে থানায় মামলা আছে। তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
সংঘর্ষের পর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
রাতের সংঘর্ষের ঘটনার পর আজ বুধবার পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন ইমদাদুল হক ও সাফায়েত হোসেন।
বিকেলে রাজশাহী কলেজে সংবাদ সম্মেলন করে সাফায়েত হোসেন দাবি করেন, ইমদাদুলের পরিবারেই আওয়ামী লীগের সদস্য রয়েছেন। অথচ তিনি বিষয়টি বিবেচনায় না নিয়ে সাধারণ মানুষকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সদস্য আখ্যা দিয়ে মব তৈরি করে পুলিশের হাতে তুলে দিচ্ছেন।
সাফায়েতের অভিযোগ, প্রথমে চাঁদা দাবি করা হয়। চাঁদা দিলে সবকিছু ঠিক থাকে, আর চাঁদা না দিলে পুলিশে দেওয়া হয়।
অন্যদিকে, পৃথক সংবাদ সম্মেলনে ইমদাদুল হক দাবি করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্দেশনায় দেশি অস্ত্র ও ককটেল নিয়ে তাঁদের ওপর হামলা চালানো হয়েছে। হামলাকারীরা গুলি ছোড়ার পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটায়।
চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে ইমদাদুল বলেন, ‘কেউ এ অভিযোগ প্রমাণ করতে পারলে আমি পদত্যাগ করে নিজেকে আইনের কাছে সপে দেব।’
দুই নেতাকে পদ থেকে অব্যাহতি
এদিকে সংঘর্ষের ঘটনায় বিকেলে দুই নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। রাজশাহী মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন এবং তাঁর অনুসারী আরেক যুগ্ম আহ্বায়ক রিফাত হোসেনের পদ দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে।
আজ বুধবার বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।