
গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে ময়মনসিংহের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪ কার্যালয় থেকে ডিবির একটি দল তাকে গ্রেপ্তার করে।
আবুল হাসান বর্তমানে এসআরবি-১৪ কার্যালয়ে কর্মরত রয়েছেন। তিনি ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের আগে আবুল হাসান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পরবর্তী সময়ে তাকে এসআরবিতে বদলি করা হয়।
পুলিশের দাবি, মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় তার সম্পৃক্ততার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তার কথাবার্তা ও অভিব্যক্তিতে সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।