
ভারতের ভূখণ্ডের ওপর সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে যৌথভাবে একটি সমন্বিত স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তুলছে চীন ও পাকিস্তান। বেঙ্গালুরুভিত্তিক মহাকাশ নজরদারি সংস্থা ‘দিগন্তর’-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটি বিশেষভাবে হাতে পেয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের সময় দুই দেশের মহাকাশভিত্তিক সহযোগিতা আরও জোরদার হয়েছে। বিশেষ করে ‘অপারেশন সিঁদুর’ চলাকালে ভারতের সামরিক স্থাপনা ও কৌশলগত এলাকাগুলো পর্যবেক্ষণের কাজে চীনা স্যাটেলাইটের তথ্য ব্যবহার করা হয়ে থাকতে পারে।
প্রতিবেদনের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে ভারত ও পাকিস্তানের মধ্যে ৮৮ ঘণ্টাব্যাপী সামরিক সংঘাতের সময় চীনের উচ্চ রেজল্যুশনসম্পন্ন অপটিক্যাল রিমোট-সেন্সিং স্যাটেলাইট ‘ইয়াওগান-৪১’-এর ভূমিকার কথা তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, দ্বৈত ব্যবহারযোগ্য এই স্যাটেলাইটটি ভারতীয় উপমহাদেশের ওপর অবিরাম নজরদারি চালায়। অপারেশন সিঁদুরের সময় ভারতের বিমানঘাঁটিগুলোর গতিবিধি পর্যবেক্ষণেও এটি ভূমিকা রেখেছিল।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ভারতের এক ইঞ্চি ভূখণ্ডও যাতে নজরদারির বাইরে না থাকে, তা নিশ্চিত করতে চীন ও পাকিস্তান পরস্পরের পরিপূরক হিসেবে একটি মহাকাশ নজরদারি নেটওয়ার্ক গড়ে তুলছে। এই উদ্যোগের অংশ হিসেবে ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুনের মধ্যে পাকিস্তান মহাকাশে ছয়টি স্যাটেলাইট স্থাপন করেছে। এর মধ্যে পাঁচটি স্যাটেলাইট—পাকিস্তান রিমোট সেন্সিং স্যাটেলাইট-আর্থ অবজারভেশন ১ (পিআরএসসি-ইও১), পাকিস্তান রিমোট সেন্সিং স্যাটেলাইট-২ (পিআরএসএস-২), এইচএস-১, পিআরএসসি-ইও২ এবং পিআরএসসি-ইও৩—চীনের উৎক্ষেপণ কেন্দ্র থেকে দেশটির রকেট ব্যবহার করে মহাকাশে পাঠানো হয়েছে। এসব স্যাটেলাইট নিজস্বভাবে ভারতীয় ভূখণ্ডের ওপর নজরদারি চালানোর পাশাপাশি চীনের স্যাটেলাইট নেটওয়ার্কের পরিপূরক হিসেবেও কাজ করছে।
চীন ও পাকিস্তানের স্যাটেলাইটগুলোর সম্মিলিত পৃথিবী পর্যবেক্ষণ সক্ষমতার ফলে ভারতের সামরিক অবকাঠামো, সেনা চলাচল, সীমান্ত স্থাপনা, বিমানঘাঁটি, নৌ-স্থাপনা এবং কৌশলগত সম্পদ সম্পর্কে আরও ধারাবাহিক ও বিস্তারিত চিত্র পাওয়া যাচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের জন্য চীনের উৎক্ষেপণ করা পাঁচটি স্যাটেলাইট দেশটির ‘আইএসটিএআর’ (গোয়েন্দা তথ্য, নজরদারি, লক্ষ্যবস্তু শনাক্তকরণ ও অনুসন্ধান) সক্ষমতা এবং ভারতের বিভিন্ন সম্পদ পর্যবেক্ষণের ক্ষমতা বাড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, মহাকাশে চীন যেভাবে নিজেদের উচ্চাকাঙ্ক্ষা ও সক্ষমতা বাড়াচ্ছে, তাতে ভারতেরও মহাকাশে নিজস্ব উপস্থিতি ও সক্ষমতা জোরদারে কাজ করা প্রয়োজন।
দিগন্তরের প্রতিবেদনে উঠে এসেছে, চীনের সহায়তায় পাকিস্তানের মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম ২০২৫ সালের অনেক আগে থেকেই শুরু হয়েছিল। ২০১৮ সাল থেকে পিআরএসসি-ইও১, পাকস্যাট এমএম১, আইকিউব-কিউ, পিআরএসএস-১ এবং পাকটেস-১এসহ বিভিন্ন স্যাটেলাইট চীনের বিদ্যমান স্যাটেলাইট নেটওয়ার্কের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কক্ষপথে স্থাপন করে ভারতীয় ভূখণ্ডের ওপর নজরদারি চালানো হচ্ছিল।
অত্যন্ত পরিকল্পিতভাবে তৈরি এই নেটওয়ার্ক এমনভাবে পরিচালিত হয়, যাতে একটি স্যাটেলাইট কোনো নির্দিষ্ট অঞ্চলের সীমানার বাইরে চলে গেলে অন্য একটি স্যাটেলাইট সেই জায়গায় অবস্থান নেয়। এর ফলে সংশ্লিষ্ট এলাকার ওপর সার্বক্ষণিক নজরদারি বজায় রাখা সম্ভব হয়। এভাবে পাকিস্তানি স্যাটেলাইটগুলো চীনের বৃহৎ স্যাটেলাইট নেটওয়ার্কের ছোটখাটো ফাঁক পূরণ করছে। পাশাপাশি বিভিন্ন কোণ, দূরত্ব ও স্পষ্টতা থেকে নির্দিষ্ট অঞ্চল পর্যবেক্ষণের সুযোগ তৈরি করছে।
এর একটি উদাহরণ হলো পাকিস্তানের পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইট ‘পিআরএসএস-১’। ২০১৮ সালের জুলাইয়ে পাকটেস-১এ-এর সঙ্গে এটি উৎক্ষেপণ করা হয়। স্যাটেলাইটটিতে প্যানক্রোম্যাটিক ও মাল্টিস্পেকট্রাল—দুই ধরনের ইমেজিং ব্যবস্থা রয়েছে। প্যানক্রোম্যাটিক প্রযুক্তিতে অনুকূল পরিস্থিতিতে প্রায় এক মিটার আকারের বস্তুও আলাদাভাবে শনাক্ত করা সম্ভব। অন্যদিকে, মাল্টিস্পেকট্রাল প্রযুক্তিতে তড়িৎচৌম্বকীয় বর্ণালির বিভিন্ন অংশ থেকে তথ্য সংগ্রহ করে উদ্ভিদ, ভূমির ব্যবহার এবং জলাশয় শনাক্ত করা যায়।
পাকিস্তানের মহাকাশ সংস্থা সুপারকোর তথ্য অনুযায়ী, পিআরএসএস-১ বিশ্বের যেকোনো স্থানের ছবি প্রতি চার দিন পরপর আবার তুলতে পারে। এর মাধ্যমে ভূপৃষ্ঠের পরিবর্তন পর্যবেক্ষণ করা সম্ভব হয়। স্যাটেলাইটটির জন্য ইসলামাবাদ ও করাচিতে গ্রাউন্ড স্টেশনও রয়েছে।
অন্যদিকে, চীনের সহায়তায় তৈরি যোগাযোগ স্যাটেলাইট ‘পাকস্যাট-এমএম১’ ২০২৪ সালে উৎক্ষেপণ করা হয়। পাকিস্তান ও আশপাশের অঞ্চলে টেলিযোগাযোগ সেবা দেওয়ার পাশাপাশি স্যাটেলাইটটিতে সি-ব্যান্ড, কেইউ-ব্যান্ড, কেএ-ব্যান্ড এবং অবস্থান নির্ণয় ও নেভিগেশনের নির্ভুলতা বাড়াতে এল-ব্যান্ড পে-লোড রয়েছে। এ ছাড়া নতুন রিমোট-সেন্সিং কর্মসূচির অংশ হিসেবে ‘পিআরএসসি-ইও১’ অপটিক্যাল সেন্সরের মাধ্যমে ভূপৃষ্ঠের ছবি সংগ্রহ করে।
এসব স্যাটেলাইটের পেছনে চীনের প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি উৎক্ষেপণসংক্রান্ত সহযোগিতাও রয়েছে। এমনকি ২০২২ সালে পাকিস্তানের সুপারকো এবং চীনের ‘চায়না গ্রেট ওয়াল ইন্ডাস্ট্রি করপোরেশন’ (সিজিডব্লিউআইসি) দীর্ঘমেয়াদে চীনা রকেট ও কারিগরি সেবা ব্যবহার করে একাধিক স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছিল।
মহাকাশে স্যাটেলাইটের মাধ্যমে নজরদারির পাশাপাশি ‘এশিয়া-প্যাসিফিক গ্রাউন্ড-বেজড স্পেস অবজেক্ট অবজারভেশন সিস্টেম প্রজেক্ট’ (অ্যাপোসস)-এ পাকিস্তানের ক্রমবর্ধমান অংশগ্রহণকেও উদ্বেগজনক হিসেবে দেখছে দিগন্তর। এশিয়া-প্যাসিফিক স্পেস কোঅপারেশন অর্গানাইজেশনের (অ্যাপসকো) অধীনে পরিচালিত এই বহুজাতিক প্রকল্পের ব্যবস্থাপনা ও তথ্য পরিচালনায় চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রকল্পটির আওতায় ভূমিতে স্থাপিত অপটিক্যাল টেলিস্কোপ ব্যবহার করে মহাকাশে থাকা স্যাটেলাইটসহ বিভিন্ন বস্তুর অবস্থান পর্যবেক্ষণ ও সেগুলো অনুসরণ করা হয়।
উল্লেখযোগ্য বিষয় হলো, অ্যাপোসসের প্রথম তিনটি পর্যবেক্ষণ কেন্দ্রের একটি স্থাপন করা হয়েছে পাকিস্তানে। অন্য দুটি কেন্দ্র রয়েছে পেরু ও ইরানে। প্রতিটি কেন্দ্রে ১৫ সেন্টিমিটার অ্যাপারচারের অপটিক্যাল টেলিস্কোপ রয়েছে। এসব কেন্দ্র থেকে সংগৃহীত তথ্য চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের ন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরিজের কেন্দ্রীয় দপ্তরে পাঠানো হয়।
এই প্রকল্পের সদস্য হওয়ার পাশাপাশি একটি পর্যবেক্ষণ কেন্দ্রের আয়োজক দেশ হওয়ায় পাকিস্তান বিশ্বের বিভিন্ন অঞ্চলের পর্যবেক্ষণসংক্রান্ত তথ্য পাওয়ার ক্ষেত্রে ভৌগোলিক সুবিধা অর্জন করছে। এসব তথ্য ব্যবহার করে কক্ষপথে থাকা ভারতের মহাকাশ সম্পদসহ বিশ্বের বিভিন্ন স্যাটেলাইটের অবস্থান ও গতিবিধি অনুসরণ করা সম্ভব।