
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে কাজে যোগ না দেওয়ায় গাজীপুরের শ্রীপুরে ১০টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এদিকে শ্রমিকরা জড়ো হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধাওয়া দিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। তবে মহাসড়কের বিভিন্ন স্থানে এখনো শ্রমিকদের অবস্থান রয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকে জেলার শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ী, হোতাপাড়া ও মাওনা এলাকার কারখানাগুলোতে শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় কর্তৃপক্ষ ১০টি কারখানা ছুটি ঘোষণা করে।
জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা কারখানায় উপস্থিত হলেও কাজে যোগ দেননি। বরং কারখানার ভেতরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করতে থাকেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করলে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়কে জড়ো হন। এ সময় তারা একাধিকবার সড়ক অবরোধের চেষ্টা করেন।
পুলিশ ধাওয়া দিলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান। তবে এর কিছুক্ষণ পর বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকায় আবারও সড়ক অবরোধ করেন শ্রমিকরা। এ সময় কয়েকটি কারখানার ফটক লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের খবর পাওয়া গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকাল থেকে শ্রীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকরা বিক্ষোভের চেষ্টা করেছেন। কয়েকটি স্থানে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করেছে। এখনো ওই এলাকাগুলোর বিভিন্ন পয়েন্টে শ্রমিকরা অবস্থান করছেন। তবে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।