
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) রাতভর উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সোমবার (১৬ নভেম্বর) তাঁদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কার্যক্রম নিষিদ্ধ সোনারগাঁ থানা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক ও সনমান্দী ইউনিয়নের জাইদেরগাঁও গ্রামের মৃত মন্তাজ উদ্দিনের ছেলে মোখলেছুর রহমান আমির (৪৫); নিষিদ্ধ থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও লাধুরচর এলাকার রেজাউল করিমের ছেলে মো. জুয়েল মিয়া (৩৮); সোনারগাঁ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের প্রচার সম্পাদক ও বানিনাথপুর গ্রামের আবুল হাসেমের ছেলে আবুল কালাম (৪৫); কার্যক্রম নিষিদ্ধ সনমান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কার্যকরী সদস্য ও দৌলরদী গ্রামের মিজানুর রহমানের ছেলে মঞ্জুর হোসেন (৪৫)।
এ ছাড়া গ্রেপ্তার হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ নোয়াগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও পরমেশ্বরদী গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে আফজাল হোসেন বকুল (৩৫); কার্যক্রম নিষিদ্ধ সাদিপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কোনাবাড়ী গ্রামের মৃত বিল্লাল হোসেন মুক্তারের ছেলে মো. মাসুদুজ্জামান (৩৮); কার্যক্রম নিষিদ্ধ সাদিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও হলদাবাড়ী গ্রামের মৃত আ. সাত্তারের ছেলে মো. কাদির (৩৮); কার্যক্রম নিষিদ্ধ নোয়াগাঁও ইউনিয়ন শ্রমিক লীগের কার্যকরী সদস্য ও গোবিন্দপুর গ্রামের মৃত নুরুল হকের ছেলে মুসা মিয়া খোকন (৪৬) এবং কার্যক্রম নিষিদ্ধ কাঁচপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও বড় চেংগাইন কাঁচপুর এলাকার মৃত হাসেমের ছেলে রমিজ (৬৩)।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।