
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনিতে সোহেল (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৫ নভেম্বর) রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও নন্দীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোহেল পটুয়াখালী জেলার গলাচিপা থানার কল্যাণ কলস গ্রামের মৃত রতন সরদারের ছেলে। তিনি সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের ভারগাঁও এলাকায় হামিদুল হাসানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, রোববার রাত আনুমানিক ৯টার দিকে সাদিপুর ইউনিয়নের ভারগাঁও নন্দীপুর এলাকায় মোহাম্মদ আলীর একতলা বাড়ির ছাদ থেকে কবুতর চুরির ঘটনা ঘটে। এ সময় বাড়ির মালিকের স্ত্রী নাসিমা বেগম বিষয়টি টের পেয়ে চোর চোর বলে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে সোহেলকে আটক করে গণপিটুনি দেয়।
একপর্যায়ে মারধরের শিকার হয়ে সোহেল দৌড়ে পালানোর চেষ্টা করলে পার্শ্ববর্তী ভারগাঁও কবরস্থান এলাকায় তাঁকে দ্বিতীয় দফায় মারধর করা হয়। পরে খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে সোহেলের ছেলে শাওন মিয়া ঘটনাস্থলে পৌঁছান। তিনি উত্তেজিত জনতার কাছে বাবাকে আর মারধর না করার অনুরোধ জানান। তবে এরপরও তাঁকে মারধর করা অব্যাহত রাখে উপস্থিত লোকজন।
রাত সাড়ে ১১টার দিকে গণপিটুনিতে সোহেল নিস্তেজ হয়ে পড়লে তাঁকে ছেলের জিম্মায় রেখে চলে যায় লোকজন। পরে স্থানীয়দের সহায়তায় শাওন তাঁর বাবাকে চিকিৎসার জন্য কাঁচপুরের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে ক্লিনিকে পৌঁছানোর আগেই পথে তাঁর মৃত্যু হয়।
সোহেলের ছেলে শাওন মিয়া বলেন, চুরির অভিযোগ তুলে তাঁর বাবাকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। কয়েকবার বাবার পক্ষ থেকে হামলাকারীদের পা ধরেও তাঁকে রক্ষা করতে পারেননি তিনি। শাওনের ভাষ্য, তাঁর বাবা চুরি করে থাকলে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া যেত। কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে তাঁকে মারধর করা হয়েছে। এটি একটি হত্যাকাণ্ড। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক বলেন, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। চুরির অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে অন্য কোনো বিষয় জড়িত আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।