
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপির সদস্যপদসহ দলটির সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এক বাবা ও তাঁর ছেলে। পদত্যাগের পর তারা বলেন, 'বিএনপির এমন রাজনীতি চাই না।'
রবিবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার কুশলী ইউনিয়নের চর কুশলী ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লুৎফর ফকির ও তাঁর ছেলে মিরান ফকির এ ঘোষণা দেন।
বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে মতের অমিল এবং দলটির সঙ্গে যুক্ত থাকার সময় হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগকে পদত্যাগের কারণ হিসেবে জানিয়েছেন মিরান ফকির।
মিরানের দাবি, রাজনীতি সম্পর্কে তেমন কোনো ধারণা না থাকলেও তাঁর বৃদ্ধ বাবাকে ভয়ভীতি দেখিয়ে বিএনপিতে যোগ দিতে বাধ্য করা হয়েছিল। একইভাবে তাঁকেও ভয় দেখিয়ে দলটিতে যুক্ত করা হয়। তবে বাবা ও ছেলের কেউই দলের কোনো সাংগঠনিক পদে ছিলেন না। তাঁরা শুধু বিএনপির সদস্য ছিলেন।