
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে পৌরসভার ইজারার টাকা আদায়ের নামে চাঁদা দাবির অভিযোগ উঠেছে যুবদল নেতা আসাদুজ্জামান বিপ্লবের বিরুদ্ধে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে ইজারা বাতিলের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও স্থানীয় সংসদ সদস্য।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নবীনগর-ব্রাহ্মণবাড়িয়া সড়কের আলীয়াবাদ মোড়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত বিপ্লব নবীনগর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে সংবাদ সংগ্রহের কাজে কয়েকজন টেলিভিশন সাংবাদিক একটি মাইক্রোবাসে করে উপজেলার ধরাভাঙ্গা গ্রামে যাচ্ছিলেন। পথে আলীয়াবাদ মোড়ে তাঁদের গাড়ি থামিয়ে ইজারার টাকা দাবি করেন এক যুবক। সাংবাদিকেরা নিজেদের জরুরি পরিষেবার আওতাভুক্ত উল্লেখ করে ইজারার টাকা থেকে অব্যাহতির কথা জানান। এ সময় ওই যুবক গাড়িটি আটকে রেখে যুবদল নেতা বিপ্লবকে ডেকে আনেন।
অভিযোগ অনুযায়ী, পরে বিপ্লব ঘটনাস্থলে এসে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করেন এবং ইজারার টাকা আদায়ের নামে চাঁদা নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে তিনি সাংবাদিকদের মারতে উদ্যত হন। এ সময় নিজেকে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য আব্দুল মান্নানের ভাতিজা পরিচয় দিয়ে সাংবাদিকদের ভয় দেখানোর চেষ্টা করেন বলেও অভিযোগ উঠেছে।
এ বিষয়ে ইজারাদার জাবেদুল ইসলাম বলেন, সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের জন্য বিপ্লবকে ভর্ৎসনা করা হয়েছে। ইউএনও ও সংসদ সদস্য ইজারা বাতিলের কথা জানিয়েছেন।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক রাকিবুল ইসলাম বলেন, সাংবাদিকদের গাড়ি থেকে ইজারার টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। ইজারাদারের লোকজনের কারণে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি ইজারা বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে সংসদ সদস্য আব্দুল মান্নান ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, তাঁর কোনো ভাতিজা নেই। পৌরসভা কর্তৃপক্ষকে ইজারা বাতিলের জন্য তিনি বলেছেন।