
খুলনার তেরখাদায় মোটরসাইকেলে এসে এক যুবদল নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টা ১০ মিনিটের দিকে উপজেলার মধুপুর ইউনিয়নের পারহাজীগ্রামে এ ঘটনা ঘটে। গুলিতে আহত ওই নেতার পাঁজর বিদ্ধ হয়েছে।
আহত রামীম বিশ্বাস (৩২) তেরখাদা উপজেলার ৬ নম্বর মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। তিনি হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রামীম বিশ্বাস পারহাজীগ্রামে আয়নাল মোল্লার বাড়ির সামনে একটি ভ্যানে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা পেছন থেকে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর চিকিৎসা চলছে।
খবর পেয়ে তেরখাদা থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং আলামত সংগ্রহ করে।
খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবির সিদ্দিক শুভ্র জানান, ঘটনার রহস্য উদ্ঘাটন, জড়িতদের শনাক্ত ও দ্রুত গ্রেপ্তারে পুলিশ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় পুলিশের বিশেষ নজরদারি রয়েছে।