
বিগত সরকার দেশ থেকে লুটপাট করে সবকিছু নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, লুটপাটের সেই টাকা খেতে পারছে না তারা। এখন বাংলাদেশে এলে তাদের বিচার হবে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে রাজধানীর শাহবাগে বসবাসকারী অসহায় গোলাপি বেগমের জন্য নির্মিত নতুন বাড়ির চাবি ও জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উদ্যোগে গোলাপি বেগমের জন্য বাড়িটি নির্মাণ করা হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
মন্ত্রী বলেন, ‘মাঝে মাঝে শুনি, উঁকি দিয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে নাকি এখানে আসবে। এ কথা বলে বিশৃঙ্খলা করার জন্য। ফ্যাসিস্ট আমলের যারা লুকিয়ে আছে, তারা যাতে পুলকিত হয়। এ কারণে এ কথাগুলো বলে।’
তিনি বলেন, ‘আমরা তো বলি, আপনি ৩১ ডিসেম্বর কেন, কালকেই আসেন। আমরা আপনাকে আইনের মাধ্যমে রিসিভ করব। সঙ্গে দুটি হাতকড়া থাকবে।’
বিমানমন্ত্রী বলেন, বিগত সরকার বাংলাদেশের মানুষের ওপর মানবতাবিরোধী ও অমানবিক আচরণ করেছে বলে তিনি মনে করেন। এর বিচার বাংলাদেশের মাটিতেই হবে। এ বিচার করার জন্য তারা অপেক্ষা করছেন বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনাসহ দেশের বাইরে অবস্থানরত অভিযুক্তদের ফিরিয়ে দিতে প্রতিবেশী দেশের প্রতি অনুরোধ করা হয়েছে বলেও জানান মন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশের মানুষের অধিকার ক্ষুণ্ন করা এবং জনগণের অর্থ লুটপাটের অভিযোগের বিচার সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করতে সরকার কাজ করছে।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মান্নান, জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।