
মুন্সীগঞ্জে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার জেলা শহরে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্না খাতুনের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আতিকুর রহমান টিপুসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
অভিযানে নিপুণ ডায়াগনস্টিক সেন্টারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডেঙ্গু পরীক্ষা নেওয়া এবং ল্যাব টেকনিশিয়ান বা টেকনোলজিস্ট না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। মডার্ন ডায়াগনস্টিক সেন্টার শাখা-২-এ X-ray টেকনোলজিস্ট না থাকা, প্রয়োজনীয় সনদ না থাকা এবং লাইসেন্স নবায়ন না করায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া নূরজাহান হাসপাতালে পর্যাপ্ত ডিপ্লোমা সিস্টার না থাকা ও প্রয়োজনীয় কাগজপত্রে অনিয়ম পাওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সিভিল সার্জন জানান, লাইসেন্স নবায়ন না করা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। দীর্ঘদিন লাইসেন্স নবায়ন না করলে প্রয়োজনে ক্লিনিক বন্ধ করে দেওয়া হবে।