
কৃষকদের স্বস্তি দিতে বড় অঙ্কের কৃষিঋণ মওকুফের ঘোষণা দিয়েছেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সমবায় ব্যাংক থেকে নেওয়া ৭৫ হাজার রুপি পর্যন্ত কৃষিঋণের পুরো অর্থই মওকুফ করা হবে। আর ৭৫ হাজার থেকে ১ লাখ রুপি পর্যন্ত ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ৭৫ হাজার রুপি ছাড় পাবেন কৃষকেরা। ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য জানিয়েছে।
সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বিধানসভায় দেওয়া বক্তব্যে এই ঋণ মওকুফের ঘোষণা দেন বিজয়। রাজ্যের কৃষকদের জন্য নেওয়া এ পদক্ষেপকে তামিলনাড়ুর ইতিহাসে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, আর্থিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও টিভিকে সরকার কৃষকদের সহায়তায় অতিরিক্ত ৯৫৩ কোটি ৬ লাখ রুপি বরাদ্দ দেবে।
বিজয় বলেন, দায়িত্ব নেওয়ার পর মে মাসে মাত্র ১৫ দিনের মধ্যেই তামিলনাড়ু সরকার ৫০ হাজার রুপি পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছিল। পরবর্তী সময়ে সেই সুবিধা বাড়িয়ে ৭৫ হাজার রুপি পর্যন্ত ঋণ সম্পূর্ণ মওকুফ এবং ৭৫ হাজার রুপির বেশি ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ হাজার রুপি ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পিটিআইয়ের তথ্য অনুযায়ী, আগের এই উদ্যোগে ১৪ লাখ ৪৪ হাজারের বেশি কৃষক উপকৃত হয়েছেন।
নতুন ঘোষণায় সমবায় ব্যাংক থেকে নেওয়া ৭৫ হাজার রুপি পর্যন্ত কৃষিঋণের শতভাগ মওকুফ করা হবে। ৭৫ হাজার থেকে ১ লাখ রুপি পর্যন্ত ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ৭৫ হাজার রুপি এবং ১ লাখ রুপির বেশি ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ হাজার রুপি পর্যন্ত ঋণ মওকুফের সুবিধা দেওয়া হবে।