
গণভোটের রায় বাস্তবায়ন এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার দাবিতে দেশজুড়ে ধারাবাহিক লংমার্চের কর্মসূচি নিয়ে মাঠে নামছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১১ দলীয় ঐক্যের পূর্বঘোষণা অনুযায়ী আগামী সেপ্টেম্বর ও অক্টোবরে চারটি লংমার্চ আয়োজনের পাশাপাশি ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি।
গত ৬ আগস্ট ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৫ সেপ্টেম্বর শনিবার ঢাকা থেকে চট্টগ্রাম, ১৯ সেপ্টেম্বর শনিবার ঢাকা থেকে রংপুর, ১০ অক্টোবর শনিবার ঢাকা থেকে খুলনা এবং ২৪ অক্টোবর শনিবার ঢাকা থেকে সিলেটে লংমার্চ অনুষ্ঠিত হবে। এর মধ্যে চট্টগ্রাম, রংপুর ও খুলনাগামী লংমার্চ সড়কপথে এবং সিলেটের কর্মসূচি রেলপথে অনুষ্ঠিত হবে।
চারটি লংমার্চ শেষে আগামী ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ আয়োজন করা হবে।
কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি নিয়ে সোমবার (১৭ আগস্ট) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ‘লংমার্চ বাস্তবায়ন কমিটির’ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার সভায় সভাপতিত্ব করেন।
সভায় লংমার্চগুলো শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে বিভিন্ন কমিটি গঠন এবং সংশ্লিষ্টদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার সর্বস্তরের জনশক্তি ও দেশের জনগণের প্রতি কর্মসূচিগুলো সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানানো হয়।
সভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম ও মাওলানা মুহাম্মাদ শাহজাহান উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন; কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল; কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন।
সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মো. রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের প্রতিনিধি মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মো. ফখরুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক মো. নজরুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান আতিক এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।