
ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন ইংরেজি শিক্ষক মো. রফিকুল ইসলাম রুবেল (৩৪)। গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জানা গেছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত বুধবার মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি হন রফিকুল ইসলাম রুবেল। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।
নিহত রফিকুল ইসলাম রুবেল মাদারীপুর জেলার বাসিন্দা। শিক্ষকতার সুবাদে তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তার ১২ বছর বয়সী একটি ছেলে ও দেড় বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। তিনি প্রায় ১০ বছর ধরে বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থী বলেন, “রুবেল স্যার খুব ভালো ইংরেজি পড়াতেন। তিনি খুব ভালো মানুষ ছিলেন। স্যার সব ছাত্রছাত্রীর প্রিয় শিক্ষক ছিলেন। তার মৃত্যু আমরা বিশ্বাসই করতে পারছি না।”
বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অজয় কুমার দে বলেন, “রফিকুল ইসলাম রুবেল সদা হাস্যোজ্জ্বল, সদালাপী ও ভালো মনের মানুষ ছিলেন। তিনি আমাদের বিদ্যালয়ের একজন ভালো শিক্ষক ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে বিদ্যালয়ের অপূরণীয় ক্ষতি হয়েছে।”
নিহতের বোনজামাই আল আমিন জানান, গত বুধবার ডেঙ্গু আক্রান্ত অবস্থায় রুবেলকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে রোববার দিবাগত রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার জোহরের নামাজের পর বিনোদপুর গাউসুল আযম জামে মসজিদে নিহত রফিকুল ইসলাম রুবেলের জানাজা অনুষ্ঠিত হবে। পরে মসজিদের পাশের কবরস্থানে তাকে দাফন করা হবে।
প্রিয় শিক্ষকের মৃত্যুতে বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয় ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।