
গাইবান্ধায় মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তরুণদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় র্যাব-১৩ জেলা ক্যাম্পের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
র্যাব-১৩-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোহাম্মদ রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জসিম উদ্দিন, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ এবং শিক্ষাবিদ অধ্যাপক মাজহারুল মান্নান।
এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, রেড ক্রিসেন্ট ও রোভার স্কাউটসের সদস্যরা অংশ নেন।
দেড় ঘণ্টাব্যাপী মতবিনিময় সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
বক্তারা আরও বলেন, বিপথগামী তরুণদের পুনর্বাসন এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।
সভায় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী মাদক ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। এ লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।