
'বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে নিয়ে লক্ষ্মীপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।
এ-উপলক্ষ্যে সোমবার (১০ আগস্ট) সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ঝুমুর চত্বর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে সমাপ্ত হয়। পরবর্তীতে বেলুন উড়িয়ে মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।
এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আবু তারেক, সিভিল সার্জন ডা. মোহাম্মদ বাহারুল আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ জহির আহমেদ, নোয়াখালীর উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (উপবন সংরক্ষক) মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান।
উদ্বোধন শেষে গাছের চারা রোপণ ও মেলায় অংশগ্রহণ কারি বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। পরে জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অতিথিবৃন্দ বৃক্ষ রোপণ পরিবেশে ভূমিকা নিয়ে আলোচনা করে বলেন, বর্তমান বর্ষাকাল চলছে। বৃক্ষ রোপণের এখনই উপযুক্ত সময়। আগামীর জন্য একটি সবুজে ভরা নিরাপদ পৃথিবী বিনির্মাণ করতে হলে এখনই যার যেখানে যেটুকু জায়গা আছে সেখানে একটি করে পরিবেশবান্ধব গাছ রোপণ করার কোনো বিকল্প নেই।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মেলায় ফলজ, বনজ ও ওষুধ গাছসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা নিয়ে অর্ধশতাধিক স্টল বসে।