
প্রয়াণের প্রায় তিন দশক পেরিয়ে গেলেও ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর রহস্যের জট খোলেনি। এবার হত্যা মামলায় গ্রেপ্তার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি চলচ্চিত্র অভিনেতা আশরাফুল হক ডনকে আদালতে হাজিরের পর তার বিরুদ্ধে চাঞ্চল্যকর কিছু তথ্য তুলে ধরেছে রাষ্ট্রপক্ষ।
রোববার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন এলাকা থেকে ডনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। একই দিন বিকেলে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন জানায় সিআইডি। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সালমান শাহর মৃত্যুর ঘটনা ঘটে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর।
তদন্তসংশ্লিষ্টদের উদ্ধৃত করে মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জানান, সালমান শাহর স্ত্রী সামিরার সঙ্গে শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের গোপন সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে। ওই সম্পর্কের জেরে সালমান শাহকে হত্যার জন্য আশরাফুল হক ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি করা হয়েছিল বলেও দাবি করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের ভাষ্য অনুযায়ী, রাজসাক্ষী রিজভী আহমেদের ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে এসব তথ্য উঠে এসেছে।
এ ছাড়া সালমান শাহর ভাই বিল্টুকে অপহরণ করে মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার পরিকল্পনার অভিযোগও রয়েছে ডন ও ডেভিডের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, ওই পরিকল্পনা বাস্তবায়নের সময় ১৯৯৭ সালের ১৯ জুলাই রিজভী আহমেদ গ্রেপ্তার হন।
পরে একই বছরের ২৪ জুলাই সালমান শাহ হত্যা মামলায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রিজভী। দীর্ঘদিন ধরে চলা এ মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রমে এখন এসব অভিযোগের সত্যতা যাচাই করা হবে।