
সৌদি আরবের রাজধানী রিয়াদে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহতের ঘটনায় গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১০ আগস্ট) দেওয়া এক শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, দুর্ঘটনার বিষয়ে প্রধানমন্ত্রী নিয়মিত খোঁজখবর রাখছেন। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশনকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।
সালেহ শিবলী আরও জানান, মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। এ কাজে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।
উল্লেখ্য, রোববার রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৬ বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়।