
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে ‘অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’। সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা স্টেডিয়ামের সম্মেলন কক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মিজ্ কাউসার আজিজ। উদ্বোধনী ভাষণে তিনি স্থানীয় পর্যায়ে খেলাধুলার মানোন্নয়ন ও সুস্থ সংস্কৃতি চর্চায় এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবু জাহিদ ডাবলু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ও ক্রীড়া সংস্থার সদস্য আবু সালেহ মো. আশরাফুল আলম।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমান এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য এইচ এম রহমাতুল্লাহ পলাশ।
আয়োজক সূত্রে জানা গেছে, স্থানীয় ক্রীড়াবিদদের দক্ষতা বৃদ্ধি, নতুন প্রতিভা অন্বেষণ এবং খেলাধুলার প্রতি সাধারণ মানুষকে আগ্রহী করে তুলতেই এই অন্তঃকক্ষ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ ইভেন্টে দাবাসহ বিভিন্ন ধরণের জনপ্রিয় ইনডোর গেমসে প্রতিভাবান খেলোয়াড়রা অংশ নিচ্ছেন।
উদ্বোধন শেষে অতিথিবৃন্দ ও ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন এবং খেলা উপভোগ করেন। এ সময় সংস্থার অন্যতম কর্মকর্তা ইকবাল কবির খান বাপ্পি, খন্দকার আরিফ হাসান প্রিন্স, মো. আলতাফ হোসেন, কাজী কামরুজ্জামান, ইমাদুল হক খান ও মুফাচ্ছিনুল ইসলাম তপুসহ বিভিন্ন ক্লাবের প্রতিনিধি, ক্রীড়াবিদ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সার্বিক ব্যবস্থাপনায় থাকা সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা আশা করছে, এই প্রতিযোগিতার মাধ্যমে জেলায় একটি সুস্থ ও প্রাণবন্ত ক্রীড়া পরিবেশ তৈরি হবে।