
চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের পুনর্বাসনে সরকার পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানিয়েছেন, বন্যার পানি সরে গেলে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের ঘরবাড়ি মেরামতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার সীমান্তবর্তী দোহাজারীর ইকবাল কনভেনশন হলের সামনে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
এ সময় তিনি সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও বিভিন্ন সংগঠনকে দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, এই সংকটময় সময়ে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে নিরন্ন মানুষের সহায়তায় এগিয়ে আসতে হবে।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘পানি যখন নেমে যাবে তখন উপজেলা প্রশাসন প্রতিটি এলাকায় যেতে পারবে। তখন ক্ষয়ক্ষতির সঠিক তথ্য নিরূপন করতে পারব। এ মুহূর্তে আমাদের মূল ফোকাস রিলিফ অ্যান্ড রেসকিউ। দুর্গতদের উদ্ধার করতে চাই ও তাদের কাছে খাবার পৌঁছাতে চাই।’
তিনি জানান, বন্যার পানি নেমে যাওয়ার পর পুনর্বাসন কার্যক্রম শুরু হবে। এ বিষয়ে তিনি বলেন, ‘পানি নামার পর পুনর্বাসন করা হবে। যাদের ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে প্রতিটি ঘরবাড়ি মেরামতে সরকারের তরফে সহায়তা করা হবে। যাদের জমি তলিয়ে গেছে, ঘের ভেসে গেছে এবং গবাদি পশুর ক্ষতি হয়েছে তা পুষিয়ে দিতে সরকার সহায়তা করবে। যাতে তারা ঘুরে দাঁড়াতে পারে।’
প্রতিমন্ত্রী আরও জানান, বন্যাকবলিত মানুষের আর্থিক চাপ কমাতে জুলাই মাসের কিস্তি আদায় সাময়িকভাবে বন্ধ রাখতে সরকারের পক্ষ থেকে এনজিওগুলোর প্রতি অনুরোধ জানানো হয়েছে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে চন্দনাইশের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ এবং চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞাও উপস্থিত ছিলেন।