
বেকারত্ব, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং তরুণদের ক্রমবর্ধমান হতাশাকে ঘিরে আবারও অস্থির হয়ে উঠেছে নেপাল। প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর পদত্যাগের দাবির মধ্যে গত তিন দিনে তিন তরুণ আত্মহত্যার চেষ্টা করেছেন। তাদের মধ্যে দুজন মারা গেছেন, আর একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনাগুলোর পর প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর বিরুদ্ধে জনঅসন্তোষ আরও তীব্র হয়েছে। রাজধানী কাঠমান্ডুর বিভিন্ন সড়কে নেমে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা।
বিক্ষোভকারীদের অভিযোগ, দেশের যুবসমাজের কর্মসংস্থান, আয় বৃদ্ধি এবং ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কার্যকর কোনো উদ্যোগ নিতে পারেনি।
যুব সংগঠন ‘জেন-জি নেপাল’-এর দাবি, বালেন্দ্র শাহর সরকার জনস্বার্থবিরোধী ও স্বৈরাচারী শাসনব্যবস্থা পরিচালনা করছে। তাদের অভিযোগ, সাম্প্রতিক বাজেট এবং সরকারি নীতিমালায় যুবকদের কর্মসংস্থান কিংবা অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার মতো বাস্তবসম্মত কোনো পদক্ষেপ নেই।
এদিকে, চলমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলো। নেপালি কংগ্রেসের অভিযোগ, রাষ্ট্রের ব্যর্থতার কারণেই এ ধরনের আত্মহত্যার ঘটনা ঘটছে।