
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় একটি গাছ সরানোকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। রক্তক্ষয়ী এ সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শ্যামবাড়ি এবং বাদৈর ইউনিয়নের হাতুড়াবাড়ি গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, গ্রামের ভেতরের সড়কে পড়ে থাকা একটি গাছ অপসারণের বিষয় নিয়ে সিএনজিচালিত অটোরিকশাচালকদের দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে সেই বিরোধ দুই গ্রামের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দীর্ঘ সময় ধরে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত করা যায়নি। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাসেল জানান, খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।