
নিম্নচাপের প্রভাবে অব্যাহত ভারী বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় সতর্ক অবস্থানে রয়েছে জেলা প্রশাসন। ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে নগরজুড়ে মাইকিং করা হচ্ছে। পাশাপাশি সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সব আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকাল থেকে চট্টগ্রাম নগরের বিভিন্ন পাহাড়ঘেঁষা এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে সতর্কতামূলক মাইকিং শুরু হয়। এর আগে রোববার রাতেও নগরের বিভিন্ন স্থানে একই ধরনের প্রচারণা চালানো হয়েছিল।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, আকবরশাহ ঝিল ১, ২ ও ৩ নম্বর এলাকা, বিজয়নগর পাহাড়, শান্তিনগর পাহাড়, বেলতলীঘোনা পাহাড়, টাংকির পাহাড়, আমিন জুট মিল এলাকা, পাহাড়িকা, সমবায় আবাসিক এলাকা, মিয়ার পাহাড়, মুরাদপুর রেলস্টেশনসংলগ্ন রেলওয়ের পাহাড়, মতিঝর্ণা, লালখান বাজারের পোড়া কলোনি, ঢেবারপাড়, আমবাগান এবং উত্তর হালিশহর উপকূলসংলগ্ন এলাকাসহ ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে বিশেষভাবে মাইকিং করে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “আবহাওয়া অধিদপ্তর ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে। এর পরিপ্রেক্ষিতে পাহাড়ধসের আশঙ্কা দেখা দিয়েছে। তাই মাইকিং করে ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার জন্য বলা হচ্ছে। মানুষের জানমাল রক্ষায় জেলা প্রশাসনের কয়েকটি দল মাঠে কাজ করছে। মাইকিংয়ের পাশাপাশি মানুষকে ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হচ্ছে এবং ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।”
প্রশাসন জানিয়েছে, নগরের সব আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া পাহাড়সংলগ্ন স্কুল, কলেজ, মসজিদ ও মাদ্রাসাগুলোও প্রয়োজন হলে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে।
এদিকে উড়িষ্যা ও সংলগ্ন দক্ষিণ ঝাড়খন্ড অঞ্চলে অবস্থানরত মৌসুমি স্থল নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।