
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় একটি মুরগির খামারের পাশের ঝোপে ফেলে রাখা প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে দুটি দেশীয় তৈরি শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-১১।
সোমবার (৬ জুলাই) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় বলে জানিয়েছে র্যাব।
র্যাব সূত্রে জানা গেছে, রাতের টহল চলাকালে সদস্যরা খবর পান, মতলব উত্তর উপজেলার বেলতলি নয়াকান্দি এলাকায় রাসেল দেওয়ানের মুরগির খামারের ঝোপের মধ্যে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ সন্দেহজনক অবস্থায় পড়ে রয়েছে। খবর পাওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ঘটনাস্থলে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় ব্যাগটির ভেতর থেকে দুটি দেশীয় শর্টগান এবং শর্টগানের ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মতলব উত্তর থানায় হস্তান্তর করা হবে। অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। অপরাধ দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধারে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি এখনো থানায় জমা দেওয়া হয়নি। জমা দেওয়া হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।