
‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু। এতে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির পাটোয়ারী।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীতি পিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আহম্মেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, থানার প্রতিনিধি এসআই ইমতিয়াজ, পৌর বিএনপির সহসভাপতি নারায়ণ ত্রিপুরা, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল এবং মাটিরাঙ্গা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আলী খোকন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উম্মে তাহমিনা মিতু বলেন, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং টেকসই পল্লী গঠনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) বিভিন্ন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গাছ লাগানো, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচির সফল বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
পরে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) যৌথ উদ্যোগে উপজেলা সমবায় সমিতির সদস্যদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন প্রধান অতিথি মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু।