
নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে মহাতাব সরকার (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) ভোরে নওগাঁ শহরের বনানীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ছেলে সুমন পলাতক রয়েছেন।
নিহত মহাতাব সরকার পেশায় একজন রিকশাচালক ছিলেন।
থানা-পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ছেলে সুমন কয়েক বছর আগে মাদকে জড়িয়ে পড়েন। এ নিয়ে পরিবারে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো এবং অশান্তি লেগেই থাকত। মাদকাসক্তির কারণে প্রায় এক বছর আগে সুমনকে রেখে তার স্ত্রী সুমা ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করতে চলে যান। কয়েকদিন আগে তিনি বাড়িতে ফেরেন। এরপর আবারও পারিবারিক কলহ শুরু হয়। একপর্যায়ে রাগ করে রোববার রাত ১২টার দিকে সুমন বাবার কাছে গিয়ে শুয়ে পড়েন।
সুমনের ঘুম না আসায় বাবা মহাতাব সরকার দোয়া পড়ে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। এতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন সুমন। একপর্যায়ে তিনি বাবার হাত ধরে জোর করে ঘর থেকে বাইরে নিয়ে এসে বাড়ির উঠানে কাঠের বাটাম দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। পরে ইট দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মহাতাব সরকার অজ্ঞান হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা এগিয়ে এলে সুমন পালিয়ে যান। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ঘটনার পর মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত সুমন ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে।