
কয়েক দিনের ভ্যাপসা গরমের পর বুধবার সকাল থেকেই রাজধানীতে শুরু হয়েছে স্বস্তির বৃষ্টি। সকাল সাড়ে ৬টার পর বৃষ্টি নামার পর ঢাকার বিভিন্ন এলাকায় তা থেমে থেমে অব্যাহত রয়েছে। মেঘে ঢাকা রয়েছে রাজধানীর আকাশ।
এর আগে মঙ্গলবার রাতে ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস। সাম্প্রতিক দিনগুলোতে অসহনীয় গরমের সঙ্গে লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছিল নগরবাসীর জীবন। এর মধ্যে সকালের বৃষ্টি কিছুটা স্বস্তি এনে দিয়েছে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
অন্যদিকে, বুধবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা পূর্বাভাসে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ঝোড়ো হাওয়ার আশঙ্কার কথা জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, এসব অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
প্রতিকূল আবহাওয়ার সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।